জামালপুর প্রতিনিধি: ‘মানবিকতার টানে, মানুষের পাশে’- এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে সকালে রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। পতাকা উত্তোলন শেষে বীর শহীদদের স্মরণে এবং মানবতার সেবায় নিয়োজিতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা রেড ক্রিসেন্টের গৌরবময় ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, “যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক। তিনি সেবামূলক কাজে রেড ক্রিসেন্টের অবদানের প্রশংসা করেন। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিওন সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইসি মেম্বার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, জিয়াউল হক জিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট একটি আস্থার নাম। অসহায় ও পীড়িত মানুষের সহায়তায় এবং যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে রেড ক্রিসেন্ট সদস্যরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তারা তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আজীবন সদস্য এবং বিপুল সংখ্যক রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার (যুব সদস্য) উপস্থিত ছিলেন।

