রেলপথে যাত্রীদের নিরাপত্তা জোরদার এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে সারাদেশে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও সংশ্লিষ্ট এলাকায় এসব সদস্য দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোতায়েন করা আনসার সদস্যরা রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যাত্রীদের জানমালের সুরক্ষা, রেলপথে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিকভাবে মোতায়েন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগের মাধ্যমে রেলস্টেশনগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হবে। একই সঙ্গে সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে আনসার সদস্যদের এই মোতায়েন কার্যক্রম।


