দলীয় নীতিনির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছে দলটি।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক যুগান্তর।
প্রতিবেদন অনুযায়ী, জামায়াতের প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সাবেক সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে। এসব ব্যক্তির জামায়াতের রুকন বা শপথধারী সদস্য হওয়া বাধ্যতামূলক থাকবে না।
দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতকে আরও গণমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে দলটির নীতিনির্ধারণী কাঠামোতে রুকন সদস্যদের অংশগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হলে দলের বাইরের অভিজ্ঞ ব্যক্তিরাও নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার অংশ হিসেবে ক্রীড়া, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন পেশাজীবী ক্ষেত্রেও গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।
তবে নতুন উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সদস্য তালিকা, কাঠামো ও দায়িত্ব এখনো নির্ধারণ করা হয়নি।


