১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের প্রধান উদ্দেশ্য বাঙালি জনগণকে সহায়তা করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের নিজস্ব ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থ ছিল। তার মতে, পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক শক্তি দুর্বল করাই ছিল ভারতের অন্যতম প্রধান লক্ষ্য।
এ সময় বাংলাদেশের গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, ওই সময়ে একটি প্রতিবেশী দেশের প্রভাবের কারণে বাংলাদেশকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, তিনি দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়েও সংশয় প্রকাশ করেন স্পিকার। তার দাবি, দলীয় সমর্থকদের আশ্বস্ত করতেই শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন।
ইসলামাবাদে দেওয়া বক্তব্যে কাশ্মীর সংকটের সমাধানে জাতিসংঘের প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার।


