পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এই ধারাবাহিকের সমাপ্তি এবার হতে যাচ্ছে ভিন্ন আয়োজনে। টেলিভিশন কিংবা ইউটিউবে প্রকাশের আগেই প্রেক্ষাগৃহের বড় পর্দায় দেখানো হবে এর শেষ পর্ব।
পাকিস্তানি সংবাদমাধ্যম সিয়াসাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিকটির চূড়ান্ত পর্ব ঘিরে বিশেষ প্রেক্ষাগৃহ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে দর্শকেরা প্রচলিত টেলিভিশন সম্প্রচারের বাইরে গিয়ে সিনেমা হলে বসে প্রিয় ধারাবাহিকের শেষ অধ্যায় উপভোগ করার সুযোগ পাবেন।
তবে প্রেক্ষাগৃহে প্রদর্শনীর পর অনলাইন দর্শকদের জন্যও থাকছে বিশেষ সুযোগ। সিনেমা হলে প্রদর্শনের ঠিক এক দিন পরই শেষ পর্বটি ইউটিউবে প্রকাশ করার কথা রয়েছে। ‘টপ পাকিস্তানি ড্রামাস’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ধারাবাহিকটির সমাপ্তি পর্ব। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শকেরাও অনলাইনে এটি দেখার সুযোগ পাবেন।
ধারাবাহিকটিতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে রয়েছেন দুরে ফিশান সেলিম। এ ছাড়া নামির নওয়াজ খান ও রোমাইসা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। উমেরা আহমেদের লেখা ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাকিব খান।
শুরুতে ৩৮ পর্বে গল্পটি শেষ করার পরিকল্পনা থাকলেও দর্শকদের আগ্রহের কারণে পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত প্রচারিত হয়েছে ৩৪টি পর্ব। সেই হিসাবে শেষ পর্ব প্রচারের আগে আরও কয়েকটি পর্ব দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হতে পারে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তারিখ ও প্রেক্ষাগৃহের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে, ধারাবাহিকটির জনপ্রিয়তা শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় ভক্তদের উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজনও আলোচনায় এসেছে।
প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনী এবং পরদিন ইউটিউবে প্রকাশের পরিকল্পনা ‘দার-ই-নিজাত’-এর সমাপ্তিকে ঘিরে দর্শকদের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, আবু বকর ও জারিয়াবের গল্পের শেষ পরিণতি কীভাবে পর্দায় তুলে ধরেন নির্মাতারা।


