দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আর ধৈর্য ধরতে রাজি নন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। প্রয়োজনে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে হামলার জবাবে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন এই সংসদ সদস্য।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমির হামজাকে এসব কথা বলতে শোনা যায়। এর আগে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ বক্তব্য দেন।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন বাদ। কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই।’ এ সময় তিনি আরও বলেন, ‘একটা মারবে, দুইটা মারব।’
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করেন আমির হামজা। সেখানে কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়। পরে অবশ্য ফটোকার্ডটি তার পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, গত ২৫ নভেম্বর রাতে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় জামায়াতের স্থানীয় এক নেতার অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আমির হামজার বক্তব্য ও ফেসবুক পোস্ট সরিয়ে নেওয়ার বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।


