নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটায় উপজেলা সদরের বিএনপি দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সম্মেলনে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক সংগ্রামের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শকে বেগবান করতে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের কোনো বিকল্প নেই।
উপজেলা জাসাসের সভাপতি আমিনুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, এবং নেত্রকোনা জেলা জাসাসের আহ্বায়ক সাদমান পাপ্পু। এছাড়াও জাসাস কর্মী মোক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে তাদের মতামত তুলে ধরেন।
আলোচনা ও সাংগঠনিক পর্যালোচনার পর উপস্থিত সকলের সম্মতিক্রমে জাসাসের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শিগগিরই তৃণমূলের মতামতের ভিত্তিতে শক্তিশালী ও নতুন নেতৃত্ব উপহার দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্মেলন শেষে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলন-সংগ্রামে জাসাসকে শক্তিশালী ভ্যানগার্ড হিসেবে গড়ে তোলার শপথ ব্যক্ত করেন।

