নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে ১৮৮ বোতল অবৈধ বিদেশি মদসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- শেরপুর জেলার মো. রাশেদ মিয়া (২৫) ও মিজানুর রহমান মমিন (৩২) এবং টাঙ্গাইল জেলার সুজয় দেব (২৮) ও হৃদয় দাস (২৫)।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র্যাব দেশব্যাপী কঠোরভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল টাঙ্গাইলের ঘাটাইল থানার হামিদপুর বাজারের কাছে পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে তল্লাশিকালে সীমান্ত এলাকা জামালপুর থেকে ছেড়ে আসা সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়িতে থাকা ব্যক্তিরা তাদের হেফাজতে অবৈধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে প্রাইভেটকারের পেছনের ডালায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য (বিদেশি মদ) সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত। পরবর্তীতে সুযোগ বুঝে টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় এসব মাদক চড়া দামে বিক্রি করে আসছিল।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার আরও জানান, ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।



