জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতির নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় ৮৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আত্মসাৎকৃত এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং তা দ্রুত ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘মাদারগঞ্জ অর্থ উদ্ধার আন্দোলন কমিটি’।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার গাবের গ্রাম এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় সচেতন মহলের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারগঞ্জ অর্থ উদ্ধার আন্দোলন কমিটির মুখ্য সংগঠক শিবলুল বারী রাজু।

তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এলাকার সাধারণ, খেটে খাওয়া ও নিরীহ মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে প্রায় ৮৫০ কোটি টাকা আমানত সংগ্রহ করে। মেয়াদ শেষ হওয়ার পরও অর্থ ফেরত না দিয়ে বর্তমান এসব প্রতিষ্ঠান ও এর কর্তাব্যক্তিরা গা-ঢাকা দিয়েছেন। টাকা ফেরত না পেয়ে হাজার হাজার সাধারণ গ্রাহক এখন চরম আর্থিক সংকট ও নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অর্থ উদ্ধার আন্দোলন কমিটির সদস্য জিয়াউল হক, মনজুরুল করিম, হাসেম উদ্দিন, সাকিবুল হাসান ও রেবেকা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, সমবায়ের আড়ালে গড়ে ওঠা এসব ভুঁইফোড় ও প্রতারক চক্র সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের সারাজীবনের সঞ্চয়, পেনশনের টাকা কিংবা জমি বিক্রির অর্থ লুটে নিয়েছে। সর্বস্ব হারিয়ে অনেক পরিবার আজ পথে বসার উপক্রম হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে নিরীহ গ্রাহকদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার পরিবেশ তৈরি করতে এবং আত্মসাৎকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।ভুক্তভোগীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version