সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০টি চেকের মাধ্যমে ৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর (সোমবার) দুপুর ১টায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের উপস্হিতিতে জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এসব চেক হস্তান্তর করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী সমর কুমার পাল’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, জেলা পরিষদ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। জেলায় প্রকল্পের আওতায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ট ও গার্ডওয়ালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ করা হচ্ছে। পিআইসি ও দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন -জেলা পরিষদের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। সরকারের দেওয়া বরাদ্দ যাতে কোনোভাবেই অপচয় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নকাজের মান ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা পরিষদের কর্মকর্তা এবং প্রশাসক প্রকল্পগুলো পরিদর্শন করা হবে বলে জানান। অনুষ্ঠানে ইমাম, মুহতামিম, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


