নিজস্ব প্রতিবেদক: এক হাজার টাকার একটি নোট, মাত্র ২০ টাকার টোল আর সড়কের পাশের ড্রেন- এই তিনটি অনুষঙ্গই যেন কেড়ে নিল সত্তর বছর বয়সী এক সংগ্রামী মানুষের জীবন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলি যাঁকে দমাতে পারেনি, এক চোখের আলো হারিয়েও যিনি বাকি দৃষ্টিটুকু বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছিলেন, সেই গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুল বারেক থেমে গেলেন একেবারেই অপ্রত্যাশিত এক নির্মমতায়। অন্যায়ের প্রতিবাদ করে এক অসহায় অটোরিকশা চালককে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন তিনি।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও গ্রামের মড়লবাড়ির সামনে, কেন্দুয়া-মদন সড়কে। গত সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে চোখের নিয়মিত চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গ্রাম চানগাঁও চকপাড়ায় ফিরছিলেন আব্দুল বারেক। বাড়ির কাছাকাছি পৌঁছানোর ঠিক আগমুহূর্তে মড়লবাড়ির সামনে অটোরিকশাটি থামান পৌরসভার টোল ইজারাদারের প্রতিনিধি আতিকুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত ২০ টাকা টোল পরিশোধের জন্য অটোরিকশা চালক রায়হানের কাছে খুচরা টাকা ছিল না। বাধ্য হয়ে তিনি আতিকুলের হাতে এক হাজার টাকার একটি নোট দেন। অভিযোগ উঠেছে, আতিকুল বাকি টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করেন। এ নিয়ে চালক ও টোল আদায়কারীর মধ্যে কথা-কাটাকাটি বাধে। একপর্যায়ে উত্তেজিত হয়ে অটোরিকশাচালক রায়হানকে মারধর শুরু করেন আতিকুল।
অটোরিকশার ভেতরে বসে চোখের সামনে অন্যায় দৃশ্য মেনে নিতে পারেননি প্রবীণ জুলাইযোদ্ধা আব্দুল বারেক। চালককে রক্ষা করতে গাড়ি থেকে নেমে এগিয়ে যান তিনি। কিন্তু তাঁর মানবিক হস্তক্ষেপই কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ অনুযায়ী, ক্ষিপ্ত আতিকুল তখন বারেককেও বেধড়ক মারধর শুরু করেন। এলোপাতাড়ি কিল-ঘুষির আঘাতে ভারসাম্য হারিয়ে সড়কের পাশের ড্রেনে পড়ে গুরুতর আহত হন সত্তর পেরোনো এই বৃদ্ধ। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চানগাঁও চকপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের জীবনের শেষ অধ্যায়টি ছিল সংগ্রাম আর চিকিৎসার। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্য চোখটিও। সেই অবশিষ্ট দৃষ্টিশক্তিটুকু ধরে রাখতে তাঁকে নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হতে হতো। সোমবারও সেই একই তাগিদে ময়মনসিংহে গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথেই নিভে গেল তাঁর জীবনপ্রদীপ।
একজন প্রবীণ নাগরিক ও জুলাই যোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে মদনজুড়ে তীব্র ক্ষোভের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়মও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ভেতরে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নেওয়া হলেও নিয়মনীতির কোনো তোয়াক্কা করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে পৌর এলাকার বাইরের বিভিন্ন সড়কে গাড়ি আটকে টোল আদায় করা হচ্ছে। চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনের যে স্থানটিতে আব্দুল বারেক হামলার শিকার হলেন, সেটিও পৌর এলাকার বাইরে অবস্থিত এবং দীর্ঘদিনের সেই অনিয়মেরই অংশ।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার রাতেই নিহত আব্দুল বারেকের নাতি মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- পৌরশহরের বাড়িভাদেরা গ্রামের আতিকুল ইসলাম (১৯) ও মো. রায়হান মিয়া (৩৫) এবং উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আলী উসমান ওরফে আরাধন (৪২) ও রিপন মিয়া (৪২)।
মামলার আসামিদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। আসামিদের মধ্যে মো. রায়হান মিয়া পৌরসভার টোল আদায়ের ইজারাদার। পাশাপাশি তিনি পৌর ওলামা দলের সভাপতি এবং মদন উপজেলা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক। অপর আসামি আলী উসমান স্থানীয় জোবাইদা রহমান মহিলা কলেজের অফিস সহকারী ও মদন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া রিপন মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হত্যা মামলায় প্রেসক্লাবের দুই নেতার নাম জড়ানোয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল। তিনি বলেন, রায়হান প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক হলেও বর্তমানে কোন গণমাধ্যমে কাজ করছেন, তা তার মনে নেই। আর সাংগঠনিক সম্পাদক আলী উসমান নিয়মিত লেখেন কি না তা জানা নেই, তবে মাঝে মাঝে পত্রিকায় লেখেন আবার লেখেনও না। ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঘটনার সময় আতিকুল ছাড়া অন্য তিনজন ঘটনাস্থলে ছিলেন না। তবু কেন তাদের আসামি করা হলো জানি না। তবে তদন্ত করে প্রকৃত দোষীকে সাজা দেওয়া হোক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।’
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করে পুলিশ। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল বারেক হত্যাকাণ্ডের ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার আতিকুল ইসলামকে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


