নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষার ফলাফল বিপর্যয় কাটিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে আগামী তিন মাসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সোমবার (২৩ নভেম্বর) বেলা তিনটায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘এইচএসসি/সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল বিষয়ক মতবিনিময় সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলার সব উচ্চ মাধ্যমিক কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী এইচএসসি ও আলিম পরীক্ষা সামনে রেখে তাদের গৃহীত কর্মসূচি ও তিন মাসের কর্মপরিকল্পনা জমা দিতে হবে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলেন, শিক্ষার মানোন্নয়নে নিয়মিত শ্রেণি পাঠদান, অধিক সংখ্যক পরীক্ষা ও নিয়মিত মডেল টেস্ট গ্রহণ এবং কঠোর মনিটরিং নিশ্চিত করতে হবে। যেসব প্রতিষ্ঠানে নির্দিষ্ট বিষয়ে শিক্ষক সংকট রয়েছে, সেখানে ভালো প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকদের আমন্ত্রণ জানিয়ে ‘শিক্ষক বিনিময়’ (ইন্টারচেঞ্জ) পদ্ধতির মাধ্যমে এক-দুই দিন করে বিশেষ ক্লাস নেওয়ার পরামর্শ দেন তিনি। বিশেষ করে খালিয়াজুরীসহ জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে অভিজ্ঞতা বিনিময় ও পাঠদানে ভারসাম্য তৈরির আহ্বান জানান জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় নেত্রকোনার ২০২৬ সালের ফলাফলের পরিসংখ্যান উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজ। প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলার ৪৮টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৩ হাজার ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৮৭৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ হাজার ৫০৬ জন; পাশের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে ৬টি নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছেন।
অন্যদিকে, আলিম পরীক্ষায় ২৯টি মাদ্রাসার ১ হাজার ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৭ জন কৃতকার্য এবং ৪৭৬ জন অকৃতকার্য হয়েছেন; পাশের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া কারিগরি শাখায় ফলাফল বিপর্যয় সবচেয়ে বেশি হয়েছে- ৩৮টি প্রতিষ্ঠানের ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন মাত্র ৯৪৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ২ হাজার জন; পাশের হার ৩২ দশমিক ১৩ শতাংশ।
অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজ তার বক্তব্যে বলেন, পূর্ববর্তী এসএসসি ও চলতি এইচএসসি পরীক্ষার দুর্বল ফলাফল থেকে উত্তরণের লক্ষ্যেই ভালো, অপেক্ষাকৃত দুর্বল এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি বিগত ১০ থেকে ২০ বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকদের মাধ্যমে অধ্যায়ভিত্তিক সাজেশন তৈরি, কারিগরি প্রতিষ্ঠান প্রধানদের জন্য অভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাজেশন বিনিময় এবং শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পড়াশোনা তদারকির পরামর্শ দেন। পাশাপাশি শতভাগ সততার সাথে ফলাফল অর্জন ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় ন্যূনতম প্রস্তুতি সম্পন্ন শিক্ষার্থীদেরই পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আহাম্মদ, শিক্ষা শাখার সিনিয়র সহকারী কমিশনারসহ জেলার বিভিন্ন উপজেলার সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


