নিজস্ব প্রতিবেদক: রান্নাঘর থেকে শুরু করে সমাজের নীতিনির্ধারণী পর্যায়- সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীর কণ্ঠস্বর আজও নানা অদৃশ্য বাধার সম্মুখীন। পরিবার ও সমাজের সেই প্রচলিত বাধা ভেঙে তৃণমূল থেকেই যোগ্য, আত্মবিশ্বাসী ও দূরদর্শী নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন। বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘রূপান্তরমূলক নেতৃত্ব’ বিষয়ক প্রশিক্ষণ তৃণমূলের বিশজন নারী নেত্রীর সামনে খুলে দিয়েছে ক্ষমতায়নের নতুন দিগন্ত।
গত সোমবার ও আজ মঙ্গলবার (২৩-২৪ নভেম্বর) নেত্রকোনা পৌরশহরের পূর্ব কাটলী এলাকার বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষ মুখরিত ছিল অংশগ্রহণমূলক আলোচনা, প্রশ্নোত্তর আর বাস্তব অভিজ্ঞতার বিনিময়ে। সংস্থাটির ‘অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইমেন অ্যান্ড মার্জিনালাইজড্ পিপল (আওয়াম)’ প্রকল্পের আওতাধীন ১০টি ক্লাস্টার কমিটির নির্বাচিত ২০ জন নারী নেত্রী এতে অংশ নেন। গতানুগতিক তাত্ত্বিক আলোচনার বদলে এখানে গুরুত্ব পেয়েছে নেতৃত্বের বিকাশ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণী ক্ষমতা, কার্যকর যোগাযোগ, অ্যাডভোকেসি এবং সুশৃঙ্খলভাবে দল পরিচালনার বাস্তব কৌশল।
দুই দিনের আয়োজনে উঠে এসেছে তৃণমূলের নারীদের প্রতিদিনের লড়াই ও তা থেকে উত্তরণের পথরেখা। ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ কেন জরুরি, পারিবারিক, সাংগঠনিক ও সামাজিক পরিসরে নারীরা কী ধরনের বাধার মুখোমুখি হন এবং কীভাবে তা দূর করা সম্ভব- তা নিয়ে চলে প্রাণবন্ত আলোচনা। পাশাপাশি সাংগঠনিক ও সামাজিক কাজে সমস্যা সমাধান ও বিরোধ নিরসনের কৌশল, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার এবং বাল্যবিয়ে ও জোরপূর্বক বিয়ের কুফল ও প্রতিরোধের উপায়গুলো তুলে ধরা হয়।
এছাড়া জলবায়ু পরিবর্তন, নারীর ওপর এর ক্ষতিকর প্রভাব ও তা মোকাবিলার কৌশল এবং সরকারি সেবায় নারীর প্রবেশাধিকার ও সেবা গ্রহণের পদ্ধতিসমূহ নিয়েও অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন নারীনেত্র উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কামরুন্নাহার লিপি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান।
প্রশিক্ষণের উদ্বোধন করে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিজা খাতুন তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিবার ও সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের প্রবেশাধিকার বাড়াতে হলে আগে তাদের সক্ষমতা বাড়াতে হবে। বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধের পাশাপাশি সন্তানকে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের দায়িত্বশীল ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। সেই সঙ্গে নারীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন।
আয়োজনটি নিয়ে আশাবাদী বিএনপিএসের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী। তার বিশ্বাস, এই প্রশিক্ষণ ক্লাস্টার কমিটির নেতৃবৃন্দকে নারী দলের সচেতনতা সেশন পরিচালনার পাশাপাশি স্থানীয় সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়তে সক্ষম করে তুলবে। সক্ষমতা ও আত্মবিশ্বাসের নতুন পাথেয় সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন তৃণমূলের সংগ্রামী নারী নেত্রীরা- যাদের হাত ধরেই রচিত হবে বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গড়ার আগামীর গল্প।


