আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ফ্রান্স। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছে ফরাসি সিরিজ ‘কারেম’ ।Carême)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত জমকালো আয়োজনে সিরিজটির হাতে ওঠে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় টেলিভিশন প্রযোজনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরার স্বীকৃতি পেয়েছে ‘কারেম’। সেরা ড্রামা সিরিজ বিভাগে এর প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাজ্যের ‘এ থাউজ্যান্ড ব্লোজ’, আর্জেন্টিনার ‘মেনেম’ এবং ভারতের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’।
সিরিজটির গল্পের কেন্দ্রে রয়েছেন উনিশ শতকের ফরাসি শেফ আন্তোনিন কারেম। বিশ্বের প্রথম তারকাখ্যাতি পাওয়া শেফ হিসেবে পরিচিত এই ব্যক্তির জীবন, সাফল্য এবং নেপোলিয়ন-যুগের ফ্রান্সের রাজনৈতিক ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির নানা দিক উঠে এসেছে এতে। রান্নার জগতের গল্পের সঙ্গে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের মেলবন্ধন সিরিজটিকে দিয়েছে আলাদা মাত্রা।
VVZ ও Shine Fiction-এর প্রযোজনায় নির্মিত সিরিজটি অ্যাপল টিভির জন্য তৈরি করা হয়েছে। বাস্তব ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজের গল্প দর্শকদের সামনে তুলে ধরেছে এক ভিন্নধর্মী সময় ও বাস্তবতা।
এবারের ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে ২২টি দেশের ৬৪টি মনোনীত অনুষ্ঠান ও প্রযোজনা ১৬টি প্রতিযোগিতামূলক বিভাগে অংশ নেয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাইকেল ইউরি। এবারের আয়োজনে যুক্তরাজ্যের প্রযোজনাগুলোও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনে সৃজনশীলতা ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস।


