নিজস্ব প্রতিবেদক: ১৭ নভেম্বর রাত ৯টা। প্রতিদিনের মতোই স্বাভাবিক এক সন্ধ্যা শেষে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন ৫৫ বছর বয়সী শিক্ষক অদ্বৈত সরকার আদিত্য। পরিবারের কেউ ঘুণাক্ষরেও ভাবেননি, সেই চেনা পথই হবে তার জীবনের শেষ যাত্রা। নিখোঁজের দুই দিন পর সুরমা নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা পুরো নেত্রকোনার খালিয়াজুরীকে স্তব্ধ করে দিয়েছিল। সেই শোক আর অমীমাংসিত রহস্যের জট খোলার দাবি নিয়েই মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে খালিয়াজুরী উপজেলা চত্বরে জড়ো হয়েছিলেন তার সহকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষ।
প্রাথমিক শিক্ষক পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল শোক পালন, শোকসভা ও মানববন্ধন। হাতে ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষগুলোর চোখেমুখে ছিল একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে অকালে হারানোর গভীর বেদনা, পাশাপাশি ছিল উদ্বেগ ও ক্ষোভ। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রয়াত শিক্ষকের স্বজন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
প্রয়াত অদ্বৈত সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ১৭ নভেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর স্বজন ও প্রতিবেশীদের উৎকণ্ঠার অবসান ঘটে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে- তবে তা চরম ট্র্যাজেডি হয়ে। সেদিন উপজেলার চাঁদপুর গ্রামসংলগ্ন সুরমা নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবারের শোকসভায় সহকর্মীদের কণ্ঠে বারবার উঠে আসে প্রিয় শিক্ষককে হারানোর হাহাকার। উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান্তোষ সামন্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মন, জিয়াকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর চৌধুরী এবং মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু সরকার। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়াউদ্দিন ও সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা।
বক্তারা বলেন, অদ্বৈত সরকার আদিত্য ছিলেন শিক্ষা পরিবারের একজন আপনজন। একজন শিক্ষকের এভাবে রহস্যজনক পরিস্থিতিতে প্রাণ হারানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার অকাল মৃত্যুতে উপজেলার শিক্ষাঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে, তা কেবল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের মধ্য দিয়েই কিছুটা প্রশমিত হতে পারে। বক্তারা ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত রহস্য বের করে জড়িতদের দ্রুত শনাক্ত করা এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
শোকসভার শেষ পর্বে যখন পরিবারের পক্ষ থেকে বক্তব্য দিতে দাঁড়ান প্রয়াত অদ্বৈত সরকারের ছোট ভাই সমীর সরকার, তখন পুরো চত্বরে নেমে আসে গভীর নীরবতা। ভাই হারানোর শোক বুকে চেপে তিনি সবার সামনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আকুতি জানান। তার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের মুখোমুখি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, মরদেহ উদ্ধারের পরপরই খালিয়াজুরী থানার পুলিশ তা ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছিল। সে সময় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানিয়েছিলেন, দুই দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরেছিল। ফলে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেছিলেন।
বর্তমানে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে আছেন অদ্বৈত সরকারের পরিবার, সহকর্মী ও এলাকাবাসী। খালিয়াজুরী উপজেলা চত্বরের মঙ্গলবারের এই কর্মসূচি থেকে জনমনে পুঞ্জীভূত উদ্বেগ ও ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। সবার এখন একটাই প্রত্যাশা- দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে শিক্ষক অদ্বৈত সরকারের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক এবং নিশ্চিত হোক ন্যায়বিচার।


