রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় স্থানীয় পর্যায়ে সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজে নিয়োজিত ৪১ জন লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) সদস্যের মাঝে সঞ্চিত অর্থের চেক বিতরণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি ডিমলার আয়োজনে ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় চুক্তির মেয়াদ শেষে সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
চেকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৩৩ জন নারী এলসিএস সদস্য, ভেটিভার ঘাস রোপণ কাজে নিয়োজিত ৬ জন এবং টুনিরহাট বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ২ জন সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে সঞ্চয়ের চেক তুলে দেন নীলফামারী জেলার নির্বাহী প্রকৌশলী মো. শামীম আখতার।
এর আগে উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাতী প্রকল্পের নীলফামারী জেলা মার্কেট সুপারভাইজার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা প্রকল্পের কার্যক্রম, সদস্যদের সঞ্চয়ের গুরুত্ব এবং ভবিষ্যতে এ অর্থের যথাযথ ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রভাতী প্রকল্পের হিসাবরক্ষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক আসাদুজ্জামান মানিক, কমিউনিটি অর্গানাইজার (সিও) মো. সাদ্দাম হুসাইন (সবুজ)সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।


