নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোনার সদর উপজেলার বিসিক শিল্প এলাকা ও বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ নভেম্বর) পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাসি খাবার সংরক্ষণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় অবস্থিত ‘এসএস ফুড প্রোডাক্টস’ নামক বেকারিতে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এ সময় দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পাউরুটি উৎপাদন করা হচ্ছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর বিসিক এলাকা থেকে অভিযান দল শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘বিশাল হোটেল’ পরিদর্শন করে। সেখানে তল্লাশি চালিয়ে গ্রাহকদের পরিবেশনের জন্য ফ্রিজে বাসি ও পচা খাবার সংরক্ষণ করার সত্যতা পাওয়া যায়। জনস্বাস্থ্য সুরক্ষায় তাৎক্ষণিকভাবে ওই হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন শুধু বেকারি ও হোটেল নয়, বরং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গ্যাস সিলিন্ডার, সার, বীজ এবং কীটনাশকের বিভিন্ন দোকানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, সঠিক উপায়ে পণ্য সংরক্ষণ এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে।
অভিযানের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ব্যাটালিয়ন আনসার) সদস্যবৃন্দ। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার, নেত্রকোনা। সমাজের সর্বস্তরের মানুষের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।


