নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাচালান রোধে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুরক্ষিত সীমান্ত ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখার নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে সফল এক অভিযান পরিচালনা করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
রবিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি’র অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
এরআগে, এদিন ভোররাতের অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।
বিজিবির পাঠানো তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত তখন আনুমানিক ৪টা। চারদিক যখন নিস্তব্ধ, ঠিক সেই মুহূর্তে নিজস্ব নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠে নামে মুন্সিপাড়া বিওপি’র সাত সদস্যের একটি টহল দল। তারা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পিলার ১১৪১/৪-এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের অন্তর্গত ছোটমুন্সিপাড়া নামক স্থানে অবস্থান নিয়ে মাদকবিরোধী ঝটিকা অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা সম্ভবত মালামাল ফেলে রেখেই দ্রুত গা ঢাকা দেয়। পরবর্তীতে ওই স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন টহল দলের সদস্যরা। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যগুলো প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের ধারাবাহিক ও আকস্মিক অভিযান স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। সমাজের সব স্তরের মানুষ মনে করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি’র সতর্ক দৃষ্টি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।


