নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যস্ততম কর্মদিবস সোমবারের ভোর। প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে ঘর ছেড়েছিলেন চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল-কলেজ আর পরীক্ষার হলের উদ্দেশে বেরিয়েছিল শত শত শিক্ষার্থী। রাস্তায় পা রাখতেই চিরচেনা নেত্রকোনা শহরের দৃশ্যপট যেন পুরোপুরি অচেনা ঠেকে সবার কাছে। শহরের প্রধান সড়কগুলো ফাঁকা, নেই চিরচেনা সেই রিকশার টুংটাং শব্দ কিংবা ব্যাটারিচালিত অটোরিকশার ব্যস্ত ছোটাছুটি।
ব্যাটারিচালিত অটো, মিশুক ও রিকশার বৈধ লাইসেন্স নবায়ন এবং আটকে রাখা লাইসেন্স দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার (৯ নভেম্বর) ভোর থেকে নেত্রকোনায় আকস্মিক ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মালিক ও শ্রমিকরা। তবে এই আন্দোলনের নেপথ্যে পুঁজিপতি ও প্রভাবশালী একাধিক গাড়ির মালিকদের স্বার্থ জড়িত রয়েছে দাবি করে শহরের যানজট নিরসনে প্রশাসনের ‘এক ব্যক্তি এক অটো’ নীতিকে সাধুবাদ জানিয়েছেন জেলার জ্যেষ্ঠ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সরেজমিনে সকালে শহরের মোক্তারপাড়া, তেরীবাজার, বড়বাজার, ছোটবাজার ও পৌর ভবন সংলগ্ন প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায়, শহরে সহজলভ্য অটো রিকশা বাহন সংকট ধারণ করেছে। বাধ্য হয়েই পায়েই হেঁটে গন্তব্যে ছুটছেন নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ সর্বস্তরের মানুষ।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা। শহরের রাজপথে কথা হয় কলেজে যাওয়ার পথে হাঁটতে থাকা তিন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানান, “আজ যে অটোরিকশা চলবে না, তা আমরা আগে থেকে জানতাম না। বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় কোনো গাড়ি নেই। বাধ্য হয়ে অনেকটা পথ হেঁটে কলেজে যেতে হচ্ছে। এতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং প্রথম ক্লাসের হাজিরাও মিস হয়ে যাচ্ছে।”
একই আক্ষেপ ঝরে পড়ল অফিসগামী এক পথচারী ও অভিভাবকের কণ্ঠে। তিনি বলেন, “অফিসে যাওয়া-আসার পথে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ অনেক শিক্ষার্থীর পরীক্ষা রয়েছে, গাড়ি না পেয়ে তারা সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পৌরসভার উচিত দ্রুত যৌক্তিক সিদ্ধান্তে এসে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো।”
শহরের অপর এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ অফিসে যেতে পারছে না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। এভাবে তো একটি শহর চলতে পারে না, এটি একপ্রকার নৈরাজ্য। পৌরসভা দ্রুত এর সমাধান না করলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।”
সকালে শহরের রাস্তায় ‘ব্যাটারিচালিত অটো, মিশুক ও রিকশা মালিক ও শ্রমিকবৃন্দ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অটোরিকশা-রিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. রাসেল মিয়া অভিযোগ করে বলেন, “আমাদের বৈধ লাইসেন্স নবায়নের জন্য পৌরসভা অটোরিকশা বাবদ সাড়ে সাত হাজার, মিশুকের জন্য পাঁচ হাজার এবং রিকশার জন্য সাড়ে তিন হাজার টাকা করে জমা নিয়েছে। এছাড়া নাম পরিবর্তনের জন্য এক হাজার টাকা ও ফরম বাবদ ১০০ টাকাসহ ১১শ টাকা করে নেওয়া হয়েছে। অথচ সব টাকা জমা নেওয়ার পর এখন পৌরসভা বলছে, একজনকে একটির বেশি লাইসেন্স দেওয়া হবে না। এখন আমাদের কেনা গাড়িগুলো কি আমরা নদীতে ফেলে দেব? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিলে তাৎক্ষণিকভাবে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে।”
সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া বলেন, “মোট লাইসেন্সের মধ্যে অর্ধেক দেওয়া হয়েছে আর বাকি অর্ধেক সচিব সাহেব আটকে রেখেছেন। নবায়ন ও নাম পরিবর্তনের নামে আমাদের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা নেওয়া হলো। যদি লাইসেন্স নাই দেওয়া হবে, তবে কেন আমাদের কাছ থেকে এত টাকা নেওয়া হলো? আমরা শহরে কোনো বিশৃঙ্খলা চাই না, আটকানো বৈধ লাইসেন্স ফেরত দেওয়ার ঘোষণা দিলেই আমরা সমাবেশ প্রত্যাহার করে নেব।”
হঠাৎ ডাকা ধর্মঘটকে অযৌক্তিক ও জনসমর্থনহীন বলে মনে করছেন শহরের বিশিষ্টজনেরা। তাদের মতে, গুটিকয়েক ধনী ও প্রভাবশালী মালিকের হাতে অটোরিকশার একচেটিয়া লাইসেন্স পুঞ্জীভূত থাকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রকৃত গরিব শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন।
জ্যেষ্ঠ নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রশাসনের যানজট নিরসনের উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “যানজট নিরসনে প্রশাসনকে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব। তবে খেটে খাওয়া শ্রমিকরা যেহেতু দিন আনে দিন খায়, তাই তাদের রুটি-রুজির দিকেও নজর রাখতে হবে। আমরা জানতে পেরেছি, পুঁজিপতিরা এই খাতকে নিয়ন্ত্রণ করছে। বিগত দিনে একজনের নামেই ১০টি, ২০টি এমনকি ৫৬টি পর্যন্ত অটোরিকশার লাইসেন্স নেওয়া হয়েছে এবং সেগুলো ভাড়ায় খাটানো হচ্ছে। এক ব্যক্তির নামে থাকা এসব অতিরিক্ত লাইসেন্স অবিলম্বে বাতিল করা উচিত। প্রকৃত শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে লাইসেন্সের সুষম বণ্টন করতে হবে।”
একই সুরে কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি শ্যামলেন্দু পাল। তিনি বলেন, “ধর্মঘটের কারণে দূর-দূরান্ত থেকে আসা মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পৌরসভা সূত্রে আমরা জেনেছি, গত ১৭ আগস্ট জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের সভায় শহরের যানজট কমাতে ‘এক অটো এক ব্যক্তি’ নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পৌরসভাকে এর দায়িত্ব দেওয়া হয়। মূলত সার্ভারের মাধ্যমে এক ব্যক্তির নামে একটি লাইসেন্স ইস্যু শুরু হওয়ায় যাদের চার-পাঁচটি বা তার বেশি অটো রয়েছে, তারা লাইসেন্স পাচ্ছেন না। এখান থেকেই বিরোধের সূত্রপাত।”
তিনি আরও যোগ করেন, “খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এক ব্যক্তির নামেই ৫৬টি অটোরিকশা পর্যন্ত রয়েছে। এক লাখ টাকা করে হলেও ৫৬টি অটোর দাম ৫৬ লাখ টাকা- অর্থাৎ বিশাল ধনী ব্যক্তিরা ব্যবসা করছেন, আর অন্যদিকে অনেক প্রকৃত দরিদ্র চালক একটি লাইসেন্সও পাননি। কেউ ভুলবশত বা ধারদেনা করে দুটি গাড়ি কিনে থাকলে মানবিক কারণে সর্বোচ্চ দুটি পর্যন্ত বিবেচনা করা যেতে পারে, কিন্তু এক ব্যক্তির নামে আট-দশটি বা ৫৬টি লাইসেন্স কোনোভাবেই চলতে পারে না। তা হলে যানজটে শহরে হাঁটাচলাই দায় হয়ে পড়বে। তাই প্রশাসনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”
শ্যামলেন্দু পাল উল্লেখ করেন, সাধারণ মানুষ এই ধর্মঘটকে সমর্থন করেনি এবং পেটের তাগিদে দুপুরের পর থেকেই অনেক শ্রমিককে সড়কে অটোরিকশা চালাতে দেখা গেছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে হঠাৎ করে তারা অটো স্ট্রাইক (ধর্মঘট) ডেকেছে, তা খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছি এবং আলোচনার দরজা এখনো উন্মুক্ত রয়েছে।”
পৌর প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা যদি আলোচনায় না এসে হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে, তবে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আর তাদের যে দাবিগুলো যৌক্তিক ও আইনসম্মত, সেগুলো আলোচনার মাধ্যমে পৌরসভার পক্ষ থেকে মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের রয়েছে। আমাদের মৌলিক উদ্দেশ্যই হচ্ছে শহরকে সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখা।”
পুঁজিপতিদের একচেটিয়া দৌরাত্ম্য বন্ধ করে প্রকৃত শ্রমজীবী চালকদের স্বার্থ রক্ষা এবং শহরের যানজট নিরসন- এই দুইয়ের সমন্বয়ে পৌর প্রশাসন দ্রুত স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।


