নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে একযোগে চারটি ক্লাবের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব এবং কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন,এম, আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত সংসদীয় বিতর্কের (পার্লামেন্টারি ডিবেট) ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, “নদীতে যদি স্রোত না থাকে তবে তা যেমন মৃত নদীতে পরিণত হয়, ঠিক তেমনি সমাজে যদি কোনো আলোচনা বা বিতর্ক না থাকে, তবে সেই সমাজও স্থবির হয়ে পড়ে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিতর্কের মাধ্যমেই যুক্তি উপস্থাপন, আত্মবিশ্বাস অর্জন এবং দর্শকদের সামনে সাবলীলভাবে কথা বলার দক্ষতা তৈরি হয়। শিক্ষার্থীদের ইংরেজি উচ্চারণ এবং বিতর্কের মান আরও উন্নত করার লক্ষ্যে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। তিনি জানান, চলতি মাসেই জেলা সদর দপ্তরে বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা এসব ক্লাবের বিতার্কিকদের জন্য উচ্চারণ ও বিতর্ক বিষয়ক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভুলগুলো শুধরে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান অন্যান্য অতিথিদের সাথে নিয়ে গাছের চারা রোপণ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল। এই চারটি ক্লাবের কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


