উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে গত বছরের মতো এবারও পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। গতকাল শনিবার প্রকাশিত ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
জেলা শিক্ষা অফিস জানায়, এবারে এইচএসসির ফলাফলে পিরোজপুরে পাসের হার ৫১.৫৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর জেলায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে, ৬৬ জন। জেলার মোট পাসের হার ৫১.৫৫ শতাংশ।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বাসসকে বলেন, শিক্ষা অফিসের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার কারণে পিরোজপুর জেলার এইচএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।
সূত্র জানায়, জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি। প্রতিষ্ঠান দুটি থেকে মোট আটজন পরীক্ষার্থীর মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, যে দুটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেখানে শিক্ষকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


