বিশ্বের বৃহত্তম ধর্ম হিসেবে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। আগামী ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিস্টান জনসংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
বুধবার, ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির নতুন পূর্বাভাসে বলা হয়েছে, বিশ্বে ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টধর্মের অনুসারী ছিলেন প্রায় ২২৭ কোটি। অন্যদিকে, মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি।
তবে নতুন পূর্বাভাস বলছে, ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটিতে। অর্থাৎ, এই পূর্বাভাস বাস্তবায়িত হলে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে।
গবেষণায় আরও বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে ১ দশমিক ৬।
পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের তুলনায় সন্তান জন্মদানের হারই ধর্মীয় জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখছে।
সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা থাকবে ৩০০ কোটির সামান্য নিচে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন নিয়েও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সেখানে আগামী কয়েক দশকে খ্রিস্টান জনগোষ্ঠীর অনুপাত কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর জনসংখ্যার পরিবর্তন নিয়ে পরিচালিত বৃহত্তর গবেষণার অংশ হিসেবে এসব পূর্বাভাস প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার ।


