পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক এসব কথা বলেন। তিনি জানান, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। তাঁর স্বাস্থ্য পরিস্থিতি এবং কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খানও বাবার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ইমরান খানের কারাবাসের পরিবেশ ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁর ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অ্যামনেস্টির তথ্যমতে, দীর্ঘ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ছেলেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুযোগ থেকেও বঞ্চিত রয়েছেন ইমরান খান। তাঁর চিকিৎসাসেবা এবং কারাগারে আটক রাখার পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া ইমরানের স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির মতে, আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
অন্যদিকে, লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে মানবাধিকার সংস্থাটি। একই সঙ্গে পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে তারা।
এর আগে গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন ইমরান খান। সেখানে জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তিনি।
সব মিলিয়ে ইমরান খানের কারাবাস, স্বাস্থ্য পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের এই আহ্বান দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


