নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৩ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। সিএনজিতে যাত্রীবেশে অভিনব কৌশলে এসব মাদক পাচার করা হচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার মতিউর রহমান (৩১) এবং সিলেট জেলার মোছা. হালিমা বেগম (৩০)।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গতকাল (সোমবার) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার অরণ্যপাশা এলাকার কিশোরগঞ্জ-নান্দাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল জানতে পারে, সিএনজিতে যাত্রীবেশে মাদকের বড় চালান পাচার হচ্ছে। এতথ্যের ভিত্তিতে অরণ্যপাশা সাকিনস্থ এমএমবি এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে যাত্রীবেশে থাকা মতিউর ও হালিমাকে আটক করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে, সিএনজির পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করে র্যাবের আভিযানিক দল।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিদের ময়মনসিংহের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
