নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৭৫ লিটার দেশীয় মদসহ মো. সোরাফ মিয়া (৩২) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মো. সোরাফ মিয়া কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (সোমবার) বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব থানাধীন ভৈরব-কিশোরগঞ্জগামী সিএনজি স্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদককারবারি সোরাফ মিয়া তার ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার হেফাজতে অবৈধ দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন।
পরে আটককৃতের দেওয়া তথ্যমতে এবং দেখানো স্থান থেকে ইজিবাইকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত কারবারিকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
