গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান চালায়।
অভিযানে স্থানীয় শহিদুল ইসলামের বসতঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আছির উদ্দিন (৫৭), মো. শাহ আলম (৪৭), মো. রব্বানী (৩৫), মো. হারুন (৪৫), মো. সরোয়ার হোসেন (৫২) ও মো. শহিদুল ইসলাম (৫৫)। তাঁদের সবার বাড়ি পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে।সাঘাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


