নিজস্ব প্রতিবেদক: স্কুলের ঘণ্টা বাজার পর বিকেলে বাড়ি ফেরার পথটা হওয়ার কথা ছিল বন্ধুদের খুনসুটি আর নিশ্চিন্ত কোলাহলে মুখর। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোনা পৌরশহরের সেই চেনা পথই মুহূর্তেই রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত প্রান্তরে। স্কুলের পোশাক গায়ে থাকা তেরো বছর বয়সী এক কিশোরকে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে চলল বর্বর নির্যাতন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি হামলাকারীদের উন্মত্ততা- বেল্ট, চাবুকসদৃশ বস্তু আর ভারী গিয়ার বক্সের আঘাতে নিথর হয়ে পড়ার উপক্রম হয় কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হানের (১৩)।
কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় গুরুতর আহত রায়হান (ডাকনাম মোহাম্মদ) পৌরশহরের কুড়পাড় এলাকার বাসিন্দা। একই ঘটনায় হামলার শিকার হয়েছেন দত্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী রায়ান বিন আপন রিদীন। দিনদুপুরে শহরের ব্যস্ততম ও অত্যন্ত স্পর্শকাতর এলাকায় এমন বর্বর ঘটনায় নেত্রকোনার সাধারণ মানুষ, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলের ভৌগোলিক অবস্থান ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। শহরের মোক্তারপাড়া ব্রিজ থেকে আনুমানিক দুইশো গজ দক্ষিণে, নেত্রকোনা সার্কিট হাউস গেটের উত্তর-পূর্ব কোণে মাত্র ৫০ গজ দূরে সার্কিট হাউস মোড় এলাকায় আট-দশজনের একটি কিশোর গ্যাং প্রকাশ্যে এই তাণ্ডব চালায়। ঘটনাস্থল থেকে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হকের বাসভবনের দূরত্ব বড়জোর একশো থেকে দেড়শো গজ পশ্চিমে; আর জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় মাত্র তিনশো গজ দূরে।
প্রশাসনের প্রাণকেন্দ্র ও অতি গুরুত্বপূর্ণ স্থাপনার এত কাছে প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রের ওপর এমন সশস্ত্র কায়দায় হামলা কিশোর অপরাধীদের বেপরোয়া দুঃসাহসেরই নির্মম প্রমাণ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলার সময় রায়হানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পরও কালো পোশাকধারী এক কিশোরকে তাকে লাথি মারতে এবং বেল্ট দিয়ে পেটাতে দেখা যায়।
ঘটনার পরপরই আহত দুই শিক্ষার্থীকে নেওয়া হয় ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে। রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং মাথায় গুরুতর জখমের কারণে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রেরণ করেন। অন্যদিকে, মাথায় আঘাতপ্রাপ্ত রায়ান বিন আপন রিদীনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা ও ব্যান্ডেজ করা হয়। জরুরি বিভাগের সবুজ বিছানায় বসা স্কুলের জ্যাকেট পরা রিদীনের চোখেমুখে ছিল তীব্র ভয় আর অসহায়ত্বের ছাপ। খবর পেয়ে ছুটে আসেন রিদীনের মা; সন্তানের রক্তাক্ত মাথা দেখে হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
কেন এই নির্মম হামলা? স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে কথা বলে উঠে এসেছে এক ভয়ংকর সামাজিক ব্যাধির চিত্র। জানা গেছে, শহরের কাটলি ও মোক্তারপাড়া এলাকায় সক্রিয় কিশোর গ্যাংগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই ‘বড় ভাই-ছোট ভাই’ (সিনিয়র-জুনিয়র) আধিপত্য ও দলীয় কোন্দল চলে আসছে। সেই পুরোনো বিরোধের জেরেই আট-দশজনের সংঘবদ্ধ দলটি এই হামলা চালায়। হামলাকারীদের মধ্যে তাৎক্ষণিকভাবে সাগর, আরাফাত ও লাবিব নামের তিন কিশোরের পরিচয় পাওয়া গেছে।
তবে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আহত রিদীন দাবি করেছেন, এই বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, ‘স্কুল থেকে ফেরার পথে আমার পকেটের টাকা হারিয়ে যাওয়ায় হেঁটে বাড়ি ফিরছিলাম। মোক্তারপাড়া ব্রিজ এলাকায় অনেকগুলো ছেলেকে জড়ো হয়ে মারামারি করতে দেখে আমি রাস্তার একপাশে সরে দাঁড়াই। হঠাৎ পেছন থেকে কয়েকজন এসে আমাকে মারধর করে। পরে আমি দৌড়ে হাসপাতালে চলে আসি।’ রিদীন আরও জানান, গুরুতর আহত রায়হানই (মোহাম্মদ) হামলাকারীদের মধ্যে সাগর, আরাফাত ও লাবিবের নাম বলেছিল। হামলাকারীদের সঙ্গে কোনো পূর্বপরিচয় বা বিরোধ না থাকার দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
যদিও স্থানীয় ও সহপাঠী সূত্রে ধারণা করা হচ্ছে, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা থেকেই কিশোর শিক্ষার্থীরা অনেক সময় পুরো ঘটনা প্রকাশ করতে সাহস পায় না।
ঘটনার পরপরই নেত্রকোনা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেয় পুলিশ। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজ নিয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী মো. রায়হান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিক শঙ্কা কেটেছে। ওসি আবুল খায়ের আরও বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থীর হাতে বইখাতা থাকার কথা, আর সমবয়সী আরেক দল কিশোরের হাতে বেল্ট, চাবুকসদৃশ বস্তু আর ভারী গিয়ার বক্স- এই বৈপরীত্য কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, বরং সমাজের গভীর ক্ষতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিশোর গ্যাংয়ের বিষবৃক্ষ এখনই উপড়ে ফেলতে না পারলে এবং অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত উদ্যোগ না নিলে, আগামী দিনে কোনো শিক্ষার্থীরই স্কুল শেষে নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করা যাবে না।
নেত্রকোনাবাসীর এখন একটাই দাবি- হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে শহরের শিক্ষার পরিবেশ ও কিশোরদের নিরাপত্তা ফিরিয়ে আনা হোক।


