ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল ইয়াশারের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নতুন সরকারে কে নেতৃত্ব দেবেন এবং কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) ইসরায়েলের হার্জলিয়া শহরের একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে সরকার গঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা একমত হতে পারেননি বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি নতুন সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে রাখতে চায়। অন্যদিকে, আইজেনকোটের দল ইয়াশার তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে।
বৈঠক শেষে দুই দল এক যৌথ বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারা। এ বিষয়ে পরবর্তী সময়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ জানানো হয়নি।
গত অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন। সরকার গঠনের জন্য আইজেনকোট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার তালিকা একটি জোট সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন এবং পরে নেতানিয়াহু দায়িত্ব নেবেন। তবে এ প্রস্তাবে আইজেনকোটের আপত্তি রয়েছে। অন্যদিকে, নেতানিয়াহু শুরুতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান বলে জানা গেছে।
ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে বিকল্প হিসেবে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নিতে পারে আইজেনকোটের দল।


