নিজস্ব প্রতিবেদক: জীবনের সায়াহ্নে এসে মানুষের চাওয়া খুব বেশি থাকে না। ঝড়-বৃষ্টির রাতে মাথা গোঁজার মতো একটুখানি নিরাপদ ছাদ, আর পরের দুয়ারে হাত না পাতার মতো সামান্য আত্মসম্মান- নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের সুধিনী মান্দার স্বপ্নও ছিল ঠিক এতটুকুই। দিন আনে দিন খায় যে জীবন, সেখানে ইট-সিমেন্টের দেয়াল আর রঙিন টিনের ছাউনির ঘর ছিল আকাশকুসুম কল্পনা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের রোদে পরাভিটা গ্রামের মেঠোপথের ধারে সেই কল্পনাই ধরা দিল বাস্তব হয়ে। একপাশে পুরোনো পলিথিন আর জীর্ণ বেড়ার অস্থায়ী আড়াল, আর তার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়েছে ঝকঝকে নতুন একটি সেমি-পাকা ঘর। সাদা দেয়ালের নিচে খয়েরি বর্ডার, লাল রঙের জানালা-দরজা আর ওপরে সবুজ ঢেউটিনের ছাউনি। বারান্দাজুড়ে উড়ছে লাল-নীল-হলুদ বেলুন ও রঙিন কাগজের শিকল।
উৎসবমুখর আয়োজনের কেন্দ্রবিন্দুতে যিনি, সেই সুধিনী মান্দা তখনো ভিড়ের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে। পরনে ঐতিহ্যবাহী পোশাক, গায়ে হলুদ-কমলা রঙের চাদর। বয়সের ভার আর দীর্ঘ অভাবের ছাপ স্পষ্ট তার চোখেমুখে। নিজের নাম যে সরকারি গৃহহীনদের তালিকায় উঠেছে, কদিন আগেও তা জানতেন না তিনি।
দুপুরে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে পরাভিটা গ্রামে উপস্থিত হন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ঘরের বারান্দায় টানানো লাল ফিতার সামনে দাঁড়িয়েও তিনি নিজে কাঁচি চালালেন না। চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলেন ঘরের আসল মালিককে- ‘সুধিনী মান্দা কই? ওনার ঘর নাকি?’
ভিড় ঠেলে ধীরপায়ে এগিয়ে এলেন সুধিনী। তার চলার গতি দেখে ডেপুটি স্পিকার পরম মমতায় পাশে ডেকে নিয়ে বললেন, ‘আসেন, আসেন। আপনার ঘর, আপনিই তো শুরু করবেন।’
এরপর উপস্থিত গ্রামবাসী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সামনে সুধিনী মান্দার মুখোমুখি দাঁড়িয়ে ব্যারিস্টার কায়সার কামাল যে প্রশ্নটি করলেন, তা মুহূর্তেই পুরো পরিবেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেল। তিনি জানতে চাইলেন, ‘এই ঘর পেতে কি কাউকে কোনো টাকা-পয়সা দিতে হয়েছে? শিওর তো? কোনো চার আনা পয়সাও খরচ হয়নি তো? কিছু লুকাচ্ছেন না তো?’
সংকোচ কাটিয়ে দৃঢ় কণ্ঠে মাথা নেড়ে সুধিনী উত্তর দিলেন, ‘না, কোনো টাকা লাগে নাই।’
মুচকি হেসে তার হাতে কাঁচি তুলে দিয়ে ডেপুটি স্পিকার বললেন, ‘এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দিয়েছেন। কোনো টাকা-পয়সা লাগে না। এখন আপনার ঘর আপনিই শুরু করেন।’ দুজনের হাতে একসঙ্গে কাটা পড়ল লাল ফিতা; করতালিতে মুখর হয়ে উঠল পরাভিটা গ্রামের উঠোন।
ফিতা কেটে ঘরের ভেতরে পা রাখতেই আবেগে চোখ ভিজে উঠল সুধিনী মান্দার। চাদরের আঁচলে চোখ মুছতে মুছতে নিজের অসহায়ত্বের কথা বলতে গেলে তাকে থামিয়ে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল। কাঁধে হাত রেখে আশ্বস্ত করলেন, ‘না না, এটা আমার দয়া না। যারা অসহায় ও গরিব, তাদের নিয়েই আমরা কাজ করি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি আপনার জন্য উপহার।’
দুই কক্ষ, প্রশস্ত বারান্দা ও ওয়াশরুমসহ ঘরটির নির্মাণশৈলী ঘুরে দেখেন তিনি। ঘরের সামনের দেয়ালে লাগানো ফলকে লেখা- ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছর, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত ঘরের নেপথ্যে রয়েছে আরও একটি স্বস্তির অধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকদের সামনে ডেপুটি স্পিকার জানান, কেবল ঘর নির্মাণই নয়- গৃহহীন এই নারীর মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে গিয়ে ইউএনও তার জটিলতায় থাকা ১২ শতক জমিও উদ্ধার করে দিয়েছেন। ফলে শুধু একটি ঘর নয়, নিজের ভিটেমাটির স্থায়ী অধিকারও ফিরে পেলেন সুধিনী।
টেলিভিশন ও সংবাদপত্রের ক্যামেরা-মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শুরুতে বেশ ইতস্তত করছিলেন সুধিনী মান্দা। ডেপুটি স্পিকার সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, ‘তুমি যে ঘর পেয়েছ, তোমার কেমন লাগছে- ওনারা সেটাই জানতে চান।’
সাহস পেয়ে ভাঙা গলায়, অথচ উজ্জ্বল চোখে সুধিনী বললেন, ‘আমি খুব খুশি, অনেক আনন্দ লাগছে। আমার কোনো ঘর ছিল না, তাই অনেক কষ্টে ছিলাম। দিন আনে দিন খাই, ঘর বানানোর কোনো সামর্থ্য নাই। প্রধানমন্ত্রী যে ঘর দিয়েছেন, তাতে আমি খুবই খুশি।’ পকেট থেকে কোনো টাকা খরচ হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আবারও তার নির্ভার জবাব, ‘না, টাকা লাগে নাই।’
হস্তান্তর অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এই অঞ্চলের গারো, হাজংসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া। প্রকৃত অর্থে যারা গৃহহীন, আমরা খুঁজে খুঁজে তাদের ঘর দেওয়ার চেষ্টা করছি।’
বিগত সময়ে গৃহনির্মাণ প্রকল্প নিয়ে বিভিন্ন অনিয়মের খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিগত দিনে ঘর নিয়ে আপনারাই বিভিন্ন প্রতিবেদন করেছেন, অনেক কিছু হয়েছে। আজ আপনারা তার বিপরীত একটি বাস্তব চিত্র দেখছেন। সুধিনী নিজেও জানতেন না তার নাম তালিকায় দেওয়া হয়েছে। আমাদের প্রয়োজন অনেক, হয়তো প্রয়োজনের তুলনায় সামর্থ্য সীমিত। তারপরও প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন কাজ অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দুর্গাপুর-কলমাকান্দাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে ডেপুটি স্পিকার উল্লেখ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য নেওয়া বিশেষ প্রকল্পের অংশ হিসেবেই দুই উপজেলায় গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে নতুন পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেঙ্গুরা, খারনৈ ও রংছাতি- এই পাঁচটি পাহাড়ি ইউনিয়নের পানির সংকট নিরসনে খুব শিগগিরই সাবমার্সিবল টিউবওয়েলসহ বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠানের শেষ ভাগে উপস্থিত সবার হাতে মিষ্টি তুলে দিয়ে আনন্দ ভাগ করে নেওয়া হয়। অতিথিরা বিদায় নেওয়ার পরও নতুন ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন সুধিনী মান্দা। রোদের আলোয় ঝলমল করা লাল দরজা আর সবুজ টিনের ছাউনির নিচে দাঁড়ানো বৃদ্ধার মুখে তখন এক প্রশান্তির হাসি- যেন জীবনের শেষ প্রান্তে এসে অবশেষে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার তৃপ্তি।


