নিজস্ব প্রতিবেদক: ভোটের দিন যতটা গুরুত্ব থাকে, ফল ঘোষণার পর সেই মানুষগুলোর খোঁজ আর তেমন রাখা হয় না। ভোটকেন্দ্রের ভেতরে বসে সারা দিন ব্যালট বাক্স আর জনগণের রায় পাহারা দেন যারা, প্রচলিত রাজনীতির হিসেব-নিকেশে নির্বাচন শেষে তাদের জায়গা হয় সাধারণত আড়ালেই। তবে চেনা সেই ছক থেকে বেরিয়ে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে দেখা গেল ভিন্ন এক চিত্র।
বিকেল চারটার দিকে অনুষ্ঠিত সভায় মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন সেই তৃণমূল পোলিং এজেন্টরাই- যারা গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে বসে ভোটাধিকার রক্ষার দায়িত্ব পালন করেছিলেন। তাদের প্রতি সম্মান জানাতে এবং সরাসরি তাদের মুখ থেকে এলাকার বাস্তব চিত্র শুনতেই আয়োজন করা হয়েছিল ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’।
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। মঞ্চের পেছনে বড় হরফে ব্যানার আর সামনে সারি সারি চেয়ারে বসা তৃণমূলের মানুষ- সব মিলিয়ে গতানুগতিক কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের খোলামেলা সংলাপের প্রাণবন্ত আসরে পরিণত হয়েছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে বড় অংশ জুড়ে ছিল তৃণমূলের কণ্ঠস্বর। সময়ের সীমাবদ্ধতার কারণে উপস্থিত সবার কথা বলার সুযোগ না হলেও চারজন পোলিং এজেন্ট মঞ্চে উঠে নিজেদের অভিজ্ঞতা এবং এলাকার নানা সমস্যার কথা অকপটে তুলে ধরেন। সবার বক্তব্য শুনতে না পারার আক্ষেপ লুকাননি ডেপুটি স্পিকার নিজেও। বক্তৃতার শুরুতেই এ জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করে তিনি জানান, মূলত এজেন্ট ভাই-বোনদের কথা শোনার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটি তিনি ব্যক্তিগতভাবে আয়োজন করতে চেয়েছিলেন।
পোলিং এজেন্টদের ভূমিকার কথা স্মরণ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আপনারা অত্যন্ত পবিত্র দায়িত্ব পালন করে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রবিহীন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।”
সংলাপের সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্তটি তৈরি হয় এক নারী পোলিং এজেন্টের বক্তব্যের সূত্র ধরে। তিনি তার কথায় এলাকার যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের দুর্ভোগ ও অন্যতম প্রধান সমস্যা ‘কেরনখলা ব্রিজ’-এর বিষয়টি সামনে আনেন। জবাবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার ইঙ্গিত দিয়ে সুখবর শোনান নেত্রকোনা-১ আসনের এই সংসদ সদস্য।
তিনি জানান, কয়েক দিন আগেই কেরনখলা ব্রিজসহ দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় নয়টি ব্রিজ অনুমোদন পেয়েছে। এর পাশাপাশি কুল্লাগড়া যাওয়ার গুরুত্বপূর্ণ ব্রিজটিও ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়েছে এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা সরেজমিনে এসে স্থান নির্বাচনও সম্পন্ন করেছেন।
আইন পেশা ছেড়ে জনগণের সেবার ব্রত নিয়ে রাজনীতিতে আসার প্রসঙ্গ টেনে তিনি অকপটেই নিজের সীমাবদ্ধতা ও আন্তরিকতার কথা তুলে ধরেন। তার ভাষায়, “নির্বাচিত হওয়ার পর থেকে আমি ইমান ও সততার সাথে কাজ করছি। ভুল-ভ্রান্তি মানুষের হতেই পারে, তবে কোনো ভুলই ইচ্ছাকৃত নয়। দীর্ঘদিনের অবহেলিত দুর্গাপুর-কলমাকান্দার সব কাজ রাতারাতি শেষ করা সম্ভব নয়। তবে আমি প্রত্যাশা করছি, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই এলাকার মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন এবং আমাদের এই মেয়াদেই অনুমোদিত ব্রিজগুলোর বাস্তবায়ন হবে।”
বক্তব্যের বড় একটি অংশজুড়ে ছিল রাজনীতির চেয়ে সমাজকে বড় করে দেখার আহ্বান। পোলিং এজেন্টদের কেবল রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়, বরং নিজ নিজ এলাকার দায়িত্বশীল সামাজিক অভিভাবক হিসেবে ভূমিকা রাখার অনুরোধ জানান ডেপুটি স্পিকার। তিনি উল্লেখ করেন, দলীয় নেতাকর্মীরা অনেক বিষয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন; কিন্তু এজেন্টদের রাজনীতির পাশাপাশি সমাজটাকেও দেখতে হবে। কোনো গ্রাম বা এলাকায় সামাজিক অনাচার কিংবা অন্যায় ঘটলে সরাসরি তাকে জানানোর পরামর্শ দেন তিনি।
উন্নয়ন কর্মকাণ্ডে দলীয় সংকীর্ণতার কোনো স্থান নেই- এমন বার্তা দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যখন একটি স্কুলের উন্নয়ন হয় বা একটি ব্রিজ নির্মিত হয়, সেই ব্রিজে কিন্তু লেখা থাকে না যে অমুক দলের নেতা এটি দিয়ে পার হবেন। উন্নয়ন হয় সবার জন্য। আসুন, রাজনৈতিক বিভাজন ভুলে আমরা এমন সমৃদ্ধ ও অনন্য দুর্গাপুর গড়ে তুলি, যা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করতে পারে।”
স্থানীয় উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার আলোচনার পাশাপাশি জাতীয় প্রেক্ষাপট ও চলমান ষড়যন্ত্রের বিষয়েও কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন ডেপুটি স্পিকার। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের আগেই যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সন্তান বা আত্মীয়স্বজন কেউই দেশে নেই এবং তাদের কেউ গার্মেন্টস শিল্পে চাকরিও করেন না। অথচ বিদেশে বসেই তারা দেশের অর্থনীতির প্রাণ গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন এবং সাধারণ মানুষের সন্তানদের আবারও বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন।
সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, আন্দোলনের নামে সেখানে তাদেরই সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি, এমনকি শত শত গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই প্রেক্ষাপটে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস নিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সভার শেষ ভাগে উঠে আসে ত্যাগের ইতিহাস আর অসাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার। মুক্তিযুদ্ধে পূর্বপুরুষদের রক্তের ঋণ এবং গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দুর্গাপুরের চারজন শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। গারো পাহাড়ের পাদদেশের বৈচিত্র্যময় এই জনপদের মানুষের সামনে তিনি তুলে ধরেন এক অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্বপ্ন- “আমরা এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে একজন গারো, একজন হাজং, একজন হিন্দু ও একজন মুসলমান- প্রত্যেকেই শান্তিতে, নিরাপদে এবং নিজের পূর্ণ অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।”
উন্নয়নের প্রতিশ্রুতি, সামাজিক ন্যায়বিচারের তাগিদ আর সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ সহাবস্থানের বার্তা নিয়েই শেষ হয় দুর্গাপুরের ব্যতিক্রমী বিকেলটি।


