বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে পুয়ের্তো রিকোর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আগে দর্শকদের ভোটে ভালো অবস্থানে থাকায় তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহি এবারের প্রতিযোগিতাকে ‘ভেরি টাফ’ বলে উল্লেখ করেন। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীরা প্রত্যেকেই যোগ্য এবং ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন। তবে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী তিনি।
গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট অর্জন করেন সামিরা খান মাহি। পরদিনই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। অল্প সময়ের প্রস্তুতি নিয়েই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই মডেল ও অভিনেত্রী।
প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন মাহি। ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত এই পর্বে লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি। বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি শাড়িটির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। পোশাকের মূল ভাবনা ছিল ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’। এর মাধ্যমে মা ও সন্তানের সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরা হয়।
এদিকে, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে ছিলেন মাহি। ফলে সেরা ৩০-এ সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন আক্তার শিলা এবং ২০২৪ সালে অনিকা আলম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নেন।
আয়োজকদের সূচি অনুযায়ী, পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি দেখা যাবে ২৫ নভেম্বর সকাল ৬টায়। এখন সবার অপেক্ষা, বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য কতটা সাফল্য বয়ে আনতে পারেন সামিরা খান মাহি।


