নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রকোনা পৌর শাখার ৩৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দীর্ঘদিনের সক্রিয় কর্মী নাজমা আলমকে আহ্বায়ক এবং জেসমিন আক্তারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৩ নভেম্বর নেত্রকোনা জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, জেলা মহিলা দলের সভাপতি রোকসানা কানিজ চৌধুরী (পলমল) এবং সাধারণ সম্পাদক হাফিজা আক্তার নবগঠিত কমিটির অনুমোদন দেন। ৩৩ সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোক্তারপাড়ার আফরোজা মনছুর। এছাড়া যুগ্ম-আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন ফারজানা আক্তার, সাথী আক্তার, মালা আক্তার ও পাপিয়া আক্তার। পৌরসভার কাটলী, নাগড়া, গজীনপুর, বলাইনগুয়া, নেওয়াজনগর ও জয়নগরসহ বিভিন্ন এলাকার তৃণমূল পর্যায়ের সক্রিয় নারী কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
নতুন আহ্বায়ক নাজমা আলম নেত্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর সাতপাই এলাকার বাসিন্দা। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী এবং তার স্বামী মো. খোরশেদ আলম পেশায় একজন ব্যবসায়ী। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। রাজপথে দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার একনিষ্ঠ উপস্থিতির মূল্যায়ন হিসেবেই তাকে পৌর শাখার শীর্ষ পদে আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজনীতির বাইরেও তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা জেলা কমিটি এবং নেত্রকোনা নারী উদ্যোক্তা (সেল)-এর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
নতুন কমিটি গঠন প্রসঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা জানান, তৃণমূলের ত্যাগী কর্মীদের দিয়ে সাজানো কমিটি পৌর এলাকায় সংগঠনের ভিত্তিকে আরও মজবুত করবে। নতুন আহ্বায়কের নেতৃত্বে সাধারণ নারীদের অধিকার আদায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক গতিশীলতা ফিরে আসার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে নারীর ক্ষমতায়ন আরও এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা নেত্রকোনার তৃণমূল নেতাকর্মীদের।


