রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট (সিএফটি) পাথর জব্দ করেছে ডিমলা উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর ভাঙার পাঁচটি মেশিন জব্দ এবং পাথর পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে প্রায় ৪০০ সিএফটি পাথর ছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর মজুতের সাতটি স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ হাজার সিএফটি পাথর জব্দ করা হয়। এ ছাড়া পাথর ভাঙার কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন জব্দ করা হয়। অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় প্রায় ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক আটক করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এ সময় টেপাখড়িবাড়ি ও গয়াবাড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২ সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি দল সহযোগিতা করে।এ ঘটনায় ডিমলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তিস্তা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়ভাবে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন। জব্দ করা পাথর, মেশিন ও আটক ট্রাকের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


