নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে রবিবার (২৮ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশে রবিবার ভোর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে এসআই রাশেদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্বধলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের ‘বিসমিল্লাহ খাবার হোটেল’ এর সামনের রাস্তা থেকে জাহাঙ্গীর আলম (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পূর্বধলা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে।

অপর আরেক অভিযানে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বধলা থানাধীন বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। কোনাডহর গ্রামের জনৈক আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভি ক্ষমতার একটি ট্রান্সফরমার নামিয়ে পিকআপ ভ্যানে তোলার সময় পুলিশ মো. কাউসার (১৯) নামে এক চোরকে হাতেনাতে আটক করে। তবে এ সময় তার সাথে থাকা আরও চার-পাঁচ জন সহযোগী রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন চরখরিচা গ্রামের আলিফলামের ছেলে।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের এজিএম মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আসামী কাউসারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক নির্মূল ও চুরি-ছিনতাই রোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ট্রান্সফরমার চুরির সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version