নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
রবিবার (২৮ জুন) সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে ‘এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মূলত আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার খেলা দেখতে আসা দর্শকদের কেন্দ্র করেই এমন সচেতনতামূলক উদ্যোগটি নেওয়া হয়।
কর্মসূচিতে ফুটবলপ্রেমীদের পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা কখনো মাদক গ্রহণ না করার এবং বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় শপথ নেন। শপথ বাক্য পাঠ শেষে উপস্থিত সকলে সমস্বরে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগান দিয়ে মাদককে লাল কার্ড প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, “ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, ঠিক তেমনি আমাদের সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণ ও যুবকদের নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা শেখায়।”
পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, সামাজিকভাবে এ ধরনের সচেতনতামূলক আন্দোলন গড়ে তুলতে পারলেই সমাজ থেকে মাদক নির্মূল করা সবচেয়ে বেশি সহজ হবে। এ সময় যুবসমাজকে রক্ষায় এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য তিনি আয়োজক সংগঠনটিকে ধন্যবাদ জানান।



