নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার হারিয়াতলা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল।
সাজাপ্রাপ্তরা হলেন- বারহাট্টা উপজেলার হারিয়াতলা গ্রামের মো. দুলাল বেপারির ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং একই গ্রামের মৌলা মিয়ার ছেলে মো. লাক মিয়া (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলার হারিয়াতলা গ্রামের আব্দুল আজিজ নামক এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে মাদকদ্রব্য সেবন ও মজুত করার সময় হাতেনাতে রুবেল মিয়া ও লাক মিয়াকে আটক করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। তিনি আটককৃত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা ও প্রমাণ পেয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করেন। অপরাধ বিবেচনায় উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে কারাদণ্ড প্রাপ্ত ওই দুই আসামিকে আজই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।



