জামালপুর প্রতিনিধি: জুলাই জাতীয় সনদে দেশের সকল রাজনৈতিক দল স্বাক্ষর করার পর তা থেকে সরে আসার বা অমান্য করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “আমরা সবাই মিলে একত্র হয়ে একটা ডকুমেন্টে দস্তখত করলাম, দস্তখত করে পরে না মানা চলবে না। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়েছে। এটি একটি জাতীয় অঙ্গীকার।”
এনসিপি (NCP) নেতা নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “প্রথম দিকে এনসিপি স্বাক্ষর না করলেও পরবর্তীতে তারাও এই সনদে যুক্ত হয়েছে। তাই এখন এটি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জাতীয় সংসদে জুলাই সনদ অনুমোদনে বিলম্ব হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্যাখ্যা করেন যে, এটি কোনো সাধারণ নির্বাহী আদেশ নয়। তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে জাতীয় সংসদে বিল উপস্থাপন করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় তা অনুমোদন করতে হবে। একটি বিল পাসের নির্দিষ্ট সাংবিধানিক ও সংসদীয় প্রক্রিয়া রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, আইন মন্ত্রণালয়ে খসড়া প্রণয়ন, সংসদে উত্থাপন, স্থায়ী কমিটিতে প্রেরণ এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরই কেবল একটি বিল আইনে পরিণত হয়। সরকার এই প্রক্রিয়ার মাধ্যমেই এগোচ্ছে।
সংসদের প্রথম অধিবেশন নিয়ে নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া শতাধিক অধ্যাদেশ বর্তমানে সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো পাস না হলে তা বাতিল হয়ে যাবে। ফলে সংসদকে প্রথমে জরুরি আইনি বাধ্যবাধকতাগুলো নিষ্পত্তি করতে হচ্ছে, যার কারণে অন্যান্য কার্যক্রমে কিছুটা সময় লাগছে।
ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতানা মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

