শেখ শামীম: শ্রমজীবী মানুষের অধিকার, দাবি আদায় ও মর্যাদার প্রতীক মহান আন্তর্জাতিক মে দিবস। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে নেত্রকোনার কলমাকান্দায় দিন ও রাতব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কলমাকান্দা শাখা। গত শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত ও বিপুল অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা ঘটে। এরপর সকাল ১০টায় শত শত শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি বের করা হয়। র্যালিটি কলমাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দুপুর ২টায় কলমাকান্দা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে শ্রমিকদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অধিকার আদায়ের কথার পাশাপাশি শ্রমিকদের বিনোদনের জন্য বিকেলে আয়োজন করা হয় আনন্দদায়ক অনুষ্ঠানের। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। এরপর রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ম্যাজিক শো। দিনভর পরিশ্রমী মানুষগুলোর মাঝে এমন আয়োজন এক ভিন্নরকম আনন্দ ও উৎসবের আবহ তৈরি করে।
বর্ণাঢ্য এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলমাকান্দা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শ্রী রঞ্জিত সরকার, যুগ্ম-আহ্বায়ক অজিত কুমার মঞ্জুসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মে দিবস কেবল দিনব্যাপী আনুষ্ঠানিকতা নয়, এটি বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক প্রতীক। সুসংগঠিত, বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ শ্রমিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কলমাকান্দায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
