নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে হাসপাতালের ওয়ার্ডে জেগে বসে আছেন এক রোগী। পেটের তীব্র গ্যাসের ব্যথায় চোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে তার। চারপাশে তাকাতেই দেখেন, আশপাশের শয্যাগুলোতে আরও অনেকেই যন্ত্রণায় কাতরাচ্ছেন। অসুস্থ শরীর নিয়েও নিজেই এগিয়ে গিয়ে পাশের রোগীদের খোঁজ নেন- কার কী হয়েছে, কতটা কষ্ট হচ্ছে। মৃত্যুভয়ের মতো অস্থির সেই প্রহরে তার উপলব্ধি ছিল খুব সরল, অথচ গভীর- ‘এখানে প্রতিটি মানুষই যেন মৃত্যুশয্যায় থাকে; এমন সময় একটুখানি সহযোগিতা পেলেই তারা যেন আকাশটাকে কাছে পায়।’
পুরাতন ভবনের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন নাজমুল হুদার এই অনুভূতিই যেন হয়ে উঠল ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বর্তমান বাস্তবতার আয়না।
সাধারণত সরকারি হাসপাতালে সেবাদাতা ও সেবাগ্রহীতার মাঝে এক অদৃশ্য দূরত্ব থাকে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হাসপাতালের কনফারেন্স কক্ষে সেই দূরত্ব ভেঙে মুখোমুখি বসলেন চিকিৎসক, নার্স, নাগরিক সমাজ, সাংবাদিক এবং খোদ ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা।
‘স্বাস্থ্য সেবা মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, নেত্রকোনা। আয়োজনে সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোনা ও বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা। সভায় প্রশংসা, কৃতজ্ঞতা, ক্ষোভ আর সীমাবদ্ধতার খোলামেলা আলোচনায় উঠে আসে জেলার প্রধান এই চিকিৎসাকেন্দ্রের ভেতরকার পূর্ণাঙ্গ চিত্র।
কৃতজ্ঞতার পাশে সচেতনতার ডাকসভায় কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোগী নাজমুল হুদা। স্যালাইন ও ইনজেকশন দেওয়াসহ নার্সরা সারারাত জেগে মানুষের যে সেবা করেন, পৃথিবীতে এর চেয়ে মহৎ কাজ আর আছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তাঁদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানান তিনি। তবে প্রশংসার পাশাপাশি ওয়ার্ডের অপরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার ঘাটতিও অকপটে তুলে ধরেন। তার ভাষায়, ওয়াশরুমগুলো অত্যন্ত নোংরা। খাবারের উচ্ছিষ্ট ফেলার জন্য নির্দিষ্ট বালতি বা পাত্র না থাকায় অনেকেই ওয়াশরুম ও যেখানে-সেখানে ময়লা ফেলছেন। এক্ষেত্রে একতরফা অভিযোগ না করে নাজমুল হুদা উভয় পক্ষের দায়িত্বশীলতার ওপর জোর দেন।
তিনি বলেন, রোগী ও স্বজনদের যেমন ময়লা ফেলার নির্দিষ্ট স্থান জেনে নিয়ে সচেতন হতে হবে, তেমনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদেরও পর্যাপ্ত বালতি সরবরাহ করে রোগীদের সঠিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে রাতের বেলা ওয়ার্ডে কষ্টে থাকা রোগীদের খোঁজ নেওয়ার মতো কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান তিনি।
হাসপাতালের নতুন ভবনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি থাকলেও পুরাতন ভবনের চিত্র যে বেশ নাজুক, তা ফুটে ওঠে রুবিনা আক্তারের বক্তব্যে। অসুস্থ স্বজনকে নিয়ে পুরাতন ভবনের নিচতলার ডায়রিয়া ওয়ার্ডে অবস্থানরত রুবিনা জানান, চিকিৎসাসেবা ভালোই চলছে। কিন্তু ওয়ার্ডে তীব্র শয্যা সংকটের কারণে রোগী নিয়ে তাঁদের চরম কষ্টে থাকতে হচ্ছে। বাথরুমগুলো অপরিচ্ছন্ন এবং চারপাশ চরম অগোছালো। নতুন ভবনের মতো পুরাতন ভবনের ডায়রিয়া ওয়ার্ডটিও যেন দ্রুত পরিপাটি ও সেবাবান্ধব করা হয়- কর্তৃপক্ষের কাছে সেই আকুতি জানান তিনি।
নোংরা শয্যা, আয়ার আচরণ ও দালালের ফাঁদঅসুস্থ শিশুকে নিয়ে পুরাতন ভবনের তৃতীয় তলায় ভর্তি হওয়া শেফালী আক্তারের অভিজ্ঞতা আরও বেদনাদায়ক। হাসপাতালে এসে প্রথমে কোনো শয্যা পাননি। পরে একটি শয্যা খালি হলে দেখেন, আগের রোগীর ফেলে যাওয়া ভাত, রুটি আর কলার খোসায় সেটি নোংরা হয়ে আছে। দায়িত্বরত এক আয়াকে জায়গাটি পরিষ্কার করে দেওয়ার অনুরোধ করলে উল্টো দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। মনঃক্ষুণ্ন হয়ে শেষ পর্যন্ত নিজেই ঝাড়ু চেয়ে নিয়ে শয্যা পরিষ্কার করার উদ্যোগ নেন এই মা। কোনো রোগী ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার পরপরই আয়া-কর্মীদের মাধ্যমে শয্যা পরিষ্কারের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান শেফালী।
তার বক্তব্যে উঠে আসে সরকারি হাসপাতালের আরেক পুরোনো ক্ষত- দালাল চক্রের দৌরাত্ম্য। শেফালী আক্তার বলেন, হাসপাতাল থেকে কোনো পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হলেই বাইরের ক্লিনিকের দালালরা রোগীদের ঘিরে ধরে টানাটানি শুরু করে। কম টাকার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়। স্বল্প আয়ের সাধারণ মানুষ প্রতিটি টাকার হিসাব করে সরকারি হাসপাতালে আসেন; তাই হাসপাতালের ভেতরেই সব পরীক্ষা-নিরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা থাকলে রোগীরা দালালদের হয়রানি থেকে মুক্তি পেতেন বলে তিনি মত দেন।
দুই দিন ধরে পুরাতন ভবনের পুরুষ ওয়ার্ডে রোগীর সঙ্গে থাকা মো. মামুনুর রশিদ চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সেবার মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখেন। নার্সরাও সাধ্যমতো চেষ্টা করেন বলে উল্লেখ করেন তিনি। তবে রাতের বেলার অভিজ্ঞতা তার কাছে ছিল বেশ উদ্বেগজনক। এর আগে ভাইকে নিয়ে হাসপাতালে থাকার স্মৃতি তুলে ধরে তিনি জানান, রাত তিনটার দিকে স্যালাইন শেষ হয়ে যাওয়ার পর সেটি খোলার জন্য নার্সদের কক্ষে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় চরম উৎকণ্ঠায় সময় কাটাতে হয়েছিল।
মামুনুর রশিদ আরও জানান, পুরাতন ভবনের ওয়াশরুম ও বেসিনগুলো প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, যা দেখে অসুস্থ মানুষ মানসিকভাবে আরও ভেঙে পড়েন। পাশাপাশি রোগীদের খাবার-দাবার বা প্রয়োজনীয় সামগ্রী রাখার জন্য শয্যার পাশে কোনো র্যাক বা স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে মেঝেতেই খাবার রাখতে হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিটি শয্যার পাশে জিনিসপত্র রাখার ন্যূনতম ব্যবস্থা করার দাবি জানান তিনি।
নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাহজারুল আমীন, ডা. আরিফুল রহমান, ডা. তৌহিদুল আলম সোহান, ডা. টিটু রায়, ডা. আকলিমা আক্তার, ডা. সুরভি শবনম বৃষ্টি এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী।
এ ছাড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত থেকে সেবার মানোন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক, আরএমও এবং উপস্থিত চিকিৎসকবৃন্দ রোগী ও স্বজনদের অভিযোগ ও পরামর্শগুলো গুরুত্বসহকারে শোনেন। তারা হাসপাতালের জনবল সংকটসহ বিদ্যমান নানা সীমাবদ্ধতা ও সমস্যার কথা অকপটে তুলে ধরেন। তবে এত প্রতিকূলতার মাঝেও সাধ্যমতো চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।
একটি সরকারি হাসপাতাল কেবল ইট-পাথরের অবকাঠামো নয়; এটি জেলার লাখো সাধারণ মানুষের শেষ ভরসাস্থল। মতবিনিময় সভার টেবিলে রোগী ও চিকিৎসকদের সরাসরি সংলাপ প্রমাণ করল, সংকট যেমন বাস্তব, তেমনি আন্তরিক উদ্যোগ থাকলে সমাধানও সম্ভব। পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ সচেতনতা, রাতের তদারকি জোরদার করা এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধ করা গেলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সাধারণ মানুষের জন্য আরও মানবিক ও আস্থার ঠিকানা হয়ে উঠবে- সভা শেষে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সবাই।


