গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংকটি রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইউনূস এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি জানান, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনা ঘটছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ফলে ব্যাংকটির ওপর হামলা দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে।
ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং প্রতিটি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান ।


