জামালপুর প্রতিনিধি: কোনো পণ্য বা কাঁচামাল ভেজাল কি না, কিংবা তার গুণগত মান নষ্ট হয়েছে কি না- তা নির্ণয়ের একমাত্র গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত পথ হলো পরীক্ষাগার। আইনের শাসন ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় ভোক্তার অধিকার সুরক্ষার পাশাপাশি সৎ উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের আইনি সুরক্ষা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সেই স্বীকৃত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যদি কেবল ‘চোখের দেখায়’ কোনো কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করা হয়, জব্দ তালিকা ছাড়াই ধ্বংস করে দেওয়া হয় কোটি টাকার সম্পদ এবং চাপের মুখে আদায় করা হয় ফাঁকা ফরমে স্বাক্ষর- তবে সেই অভিযান নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় অবস্থিত উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্রিন বায়োটেকনোলজি’র কারখানায় সাম্প্রতিক অভিযানকে ঘিরে এখন এমনই গুরুতর বিতর্কের সৃষ্টি হয়েছে। পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা, প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস, ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে।
এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং আদায় করা জরিমানার অর্থ ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে রবিবার (২২ নভেম্বর) সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগের বিবরণ অনুযায়ী, গত বুধবার দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম গ্রিন বায়োটেকনোলজির কারখানাটি পরিদর্শনে যান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার ঘুরে দেখতে পূর্ণ সহযোগিতা করেন। পরিদর্শনের একপর্যায়ে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল ওই কর্মকর্তার নজরে আসে।
প্রতিষ্ঠানটির দাবি, সংরক্ষিত কাঁচামালগুলো কারখানার নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেলও সাঁটা ছিল, যার মেয়াদ তখনো শেষ হয়নি। বিষয়টি আমলে না নিয়েই সহকারী পরিচালক কোনো ধরনের নমুনা সংগ্রহ বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করেন। একই সঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন এবং কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে এবং প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী সেগুলো পরীক্ষাগারে পরীক্ষিত। এ ছাড়া তাদের অধিকাংশ পণ্যই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নিরাপদ।
অভিযানের দিন কারখানায় উপস্থিত গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলামের ভাষ্যে উঠে এসেছে চরম অসহায়ত্ব ও আইনি প্রক্রিয়া লঙ্ঘনের চিত্র। তিনি বলেন, ‘আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি।’
তার অভিযোগ, অভিযানের সময় তাকে ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়ায় ভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয়। পুরো অভিযানে ওই কর্মকর্তার আচরণকে ‘মাস্তানদের মতো ও উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যা দিয়ে নজরুল ইসলাম জানান, এই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রিন বায়োটেকনোলজির ঘটনাই প্রথম নয়- স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর থেকেই মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেবল চোখের দেখায় জরিমানা, পণ্য ধ্বংস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর নজির রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ৫ থেকে ৬ লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
অভিযানটি কেবল জরিমানা আর কাঁচামাল ধ্বংসেই সীমাবদ্ধ থাকেনি, এর রেশ গিয়ে পড়েছে সম্পূর্ণ পৃথক আরেকটি প্রতিষ্ঠানের ওপর। অভিযোগপত্রে বলা হয়েছে, ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান এবং প্রকৃত ঘটনার বাইরে গিয়ে স্বতন্ত্র আরেক প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন।
বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগার পরীক্ষা ছাড়াই একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করে তিনি গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও তিনি সহায়তা করেছেন।’
এ ঘটনায় বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে সাইফুল ইসলাম জানান, তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় কিংবা গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে কোনো পরীক্ষা ও জব্দ তালিকা ছাড়াই কাঁচামাল ধ্বংসের বিষয়টি তিনি স্বীকার করে নেন।
তিনি বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকাও করিনি। তবে কাঁচামালগুলো আমি ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি এবং কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি।’
পরীক্ষাগার ছাড়া কেবল চোখের দেখায় কীভাবে কাঁচামালে ভেজাল থাকার বিষয়টি নিশ্চিত হলেন- এমন প্রশ্নের জবাবে তার বক্তব্যেই উঠে আসে পরস্পরবিরোধী সুর। তিনি বলেন, ‘কিছু জিনিস আছে, আপনি চোখের দেখায় বুঝতে পারবেন- এটা সমস্যা। আর কিছু জিনিস আছে পরীক্ষা করার দরকার। সেই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি বলে মেয়াদ আছে, আর আমি বলি মেয়াদ নেই, তখন এই সমস্যার সমাধানের জন্য পরীক্ষা করতে হবে।’
আইনি প্রক্রিয়ায় জব্দ তালিকা তৈরি ও বিরোধের ক্ষেত্রে পরীক্ষাগারের মতামত নেওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেও বাস্তবে তা অনুসরণ না করায় পুরো অভিযানটি নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এখন অধিদপ্তরের উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দিকেই তাকিয়ে আছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও জামালপুরের ব্যবসায়ীরা।


