নিজস্ব প্রতিবেদক: পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাধারণত কেমন হয়? অতিথিদের আনুষ্ঠানিক বক্তৃতা, হাততালি আর বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার চেনা দৃশ্য। কিন্তু রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঞ্চ সেদিন পরিণত হয়েছিল জীবনবোধ, সামাজিক দায়বদ্ধতা আর আগামীর বাংলাদেশ বিনির্মাণের অনন্য এক পাঠশালায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
হলরুমজুড়ে তখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনার আবহ; মঞ্চে সদ্য পাওয়া সনদপত্র বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুর নিষ্পাপ হাসি আর কিশোরীর হাতে শোভা পাওয়া বিজয়ের ক্রেস্ট। ঠিক এমন এক আবেগঘন পরিবেশে দাঁড়িয়ে ব্যারিস্টার কায়সার কামাল যে কথাগুলো বললেন, তা উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ও ছুঁয়ে যায়।
বক্তব্যের শুরুতেই বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা এবার পুরস্কার পায়নি, তাদের ভেঙে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগান ডেপুটি স্পিকার। এরপর তিনি সরাসরি কথা বলেন কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ের ভাষায়। কলমাকান্দার মতো প্রত্যন্ত ও অপেক্ষাকৃত দরিদ্র জনপদের জীবনবাস্তবতা তুলে ধরে তিনি শিশু-কিশোরদের মনে করিয়ে দেন তাদের মা-বাবার নীরব আত্মত্যাগের কথা।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তুমি যে সুন্দর চকচকে কাপড়টা পরছো, তোমার মা অথবা বাবা হয়তো একটা পুরোনো কাপড় পরছেন। তাদের সেই পুরোনো কাপড়ের বদৌলতেই তোমরা নতুন চকচকে কাপড় পাচ্ছো।” মা-বাবার এই কষ্ট আর শিক্ষকদের শ্রমের প্রতিদান দিতে হলে কেবল পরীক্ষায় ভালো ফল বা বড় ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং প্রকৃত ‘মানুষের মতো মানুষ’ হয়ে উঠতে হবে বলে তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন।
প্রচলিত শিক্ষাব্যবস্থায় সনদ অর্জন আর প্রকৃত মানুষ হওয়ার মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটি সমাজের রূঢ় বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করেন ব্যারিস্টার কায়সার কামাল। তার মতে, সমাজে এমন বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন, যাদের মধ্যে দেশপ্রেম ও ঈমানের ঘাটতি রয়েছে এবং যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত।
সমাজের বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, “কারও হয়তো অট্টালিকা আছে, কিন্তু পাশের বাড়ির আরেকজন না খেয়ে আছে। তার সন্তান বড় বড় গাড়ি হাঁকিয়ে স্কুলে যাচ্ছে, অথচ রাস্তার পাশে আরেকটা ছোট্ট শিশু অর্ধাহারে-অনাহারে পড়ে আছে। চাইলেই সহযোগিতা করা যেত, কিন্তু সমাজের অনেকেই তা করে না।”
একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস) এবং দেশের প্রতি গভীর মমত্ববোধ থাকা জরুরি বলে উল্লেখ করেন তিনি। দেশপ্রেমকে ‘ঈমানের অঙ্গ’ অভিহিত করে ডেপুটি স্পিকার বলেন, মানুষের ভেতরে দেশপ্রেম না থাকলে সে কেবল রাষ্ট্রের নাগরিক সুবিধাই ভোগ করবে, কিন্তু দেশকে কিছুই দিতে পারবে না।
শিশুদের নিষ্পাপ মুখগুলোর দিকে তাকিয়ে বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেত্রকোনা-১ আসনের এই সংসদ সদস্য। অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিশুদের মননে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্মরণ করেন জুলাই-আগস্টের রক্তাক্ত দিনগুলোর কথা। তিনি উল্লেখ করেন, জুলাই ও আগস্টে ১২ থেকে ১৩ বছর বয়সী প্রায় ১৩ শতাংশ শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল; এমনকি ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা শিশুর বুকেও হেলিকপ্টার থেকে ছোড়া গুলি জানালার কাচ ভেদ করে বিদ্ধ হয়েছিল।
বাংলাদেশ যেন আর কখনো কোনো ‘অন্ধকারের জমানায়’ ফিরে না যায়- সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং প্রত্যেকেই তার অধিকার পাবে। সে গারো হোক, হাজং হোক, হিন্দু হোক কিংবা মুসলমান- প্রত্যেকেই আমরা বাংলাদেশের নাগরিক এবং নাগরিক মর্যাদা ভোগ করতে চাই।”
অনুষ্ঠানের শেষভাগে শিক্ষকদের উদ্দেশে অত্যন্ত স্পষ্ট, সাহসী ও নির্মোহ কিছু কথা বলেন ডেপুটি স্পিকার। শুরুতেই তিনি অকপটে স্বীকার করেন, তার কথাগুলো হয়তো অনেকের কাছে প্রীতিকর মনে না-ও হতে পারে; তবুও আগামী প্রজন্মের বৃহত্তর স্বার্থেই তা বলা প্রয়োজন। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে যে কারও ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু বিদ্যালয়ের আঙিনায় প্রবেশের পর বা শিক্ষকের চেয়ারে বসার পর তার একমাত্র পরিচয় তিনি একজন শিক্ষক।
শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার রাজনৈতিক মতাদর্শ মনের ভেতরে রাখুন এবং নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে দেখান। চেয়ারে বসে দয়া করে দলীয়করণ বা ক্ষমতা দেখাবেন না। সেই জমানায় আমরা আর নেই। চব্বিশের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশ সাম্য ও মানবিকতার কথা বলে।”
বিগত দেড় দশকে দলীয় দৃষ্টিকোণ থেকে ছেঁকে ছেঁকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সময়ে কাউকে তো চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে না। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের অর্থ তথা জনগণের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা নেওয়ার নৈতিক দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিয়ে তিনি শিক্ষকদের নিজেদের বিবেককে প্রশ্ন করার অনুরোধ জানান। তিনি বলেন, রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে ও শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে কোনোভাবেই কোমলমতি সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।
বক্তব্যের ইতি টানার আগে নিজ নির্বাচনী এলাকা কলমাকান্দার অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরেন ব্যারিস্টার কায়সার কামাল। সীমিত সাধ্যের মধ্যে এলাকার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ চলছে উল্লেখ করে এই জনপদকে সুন্দরভাবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পুরোনো কাপড়ের ত্যাগ আর নতুন বাংলাদেশের স্বপ্নের বার্তা নিয়ে ঘরে ফেরে কলমাকান্দার আগামীর প্রজন্ম।


