ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, তার আহ্বানে দেশটির নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় বাজারে স্বর্ণের দাম কমেছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় গত মে মাসে তিনি এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন। তার মতে, সাধারণ মানুষ সেই আহ্বানে সাড়া দেওয়ায় স্বর্ণ কেনার প্রবণতা কমেছে এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোদি। এ সময় তিনি দেশের নাগরিকদের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্যে মোদি ১৯৬৫ সালের খাদ্যসংকটের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, সে সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দেশবাসীকে একবেলা খাবার ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। দেশের মানুষ সেই আহ্বানে সাড়া দিয়েছিল। একইভাবে বর্তমান পরিস্থিতিতেও জাতীয় স্বার্থে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বর্ণের বাজারদরের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে ১২ হাজার ৫২৩ রুপিতে দাঁড়িয়েছে। তবে স্বর্ণের দাম কমার পেছনে মোদির আহ্বানই একমাত্র কারণ, এমনটি নিশ্চিতভাবে বলা যায় না।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে স্বর্ণ কেনা সীমিত রাখার পাশাপাশি জ্বালানির ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখার পরামর্শ দিয়েছিলেন মোদি।
দেশটির অর্থনৈতিক চাপ মোকাবিলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে দেওয়া এসব আহ্বানের প্রসঙ্গ তুলে ধরে তিনি স্বর্ণ কেনা কমানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।


