নিজস্ব প্রতিবেদক: পোড়া টিনের চালা, দুমড়েমুচড়ে যাওয়া শাটার আর ভেজা ছাইয়ের স্তূপের সামনে দাঁড়িয়ে তখন অঝোরে কাঁদছিলেন কয়েকজন মধ্যবয়সী মানুষ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতার নিচে দাঁড়িয়ে সেই অসহায় মানুষগুলোকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। কাঁধে হাত রেখে বললেন সান্ত্বনার কথা। তবু যেন বুক থেকে পাথর নামছিল না নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারের সাত ব্যবসায়ীর। কারণ, মাত্র কয়েক ঘণ্টা আগের এক সর্বনাশা আগুনে ছাই হয়ে গেছে তাঁদের তিলে তিলে গড়া স্বপ্ন ও জীবনের সব সঞ্চয়।
রবিবার (২২ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে মেঘলা আকাশ আর বৃষ্টির মধ্যেই বিশরপাশা বাজারের ক্ষতিগ্রস্ত করিম মার্কেটে ছুটে যান ডেপুটি স্পিকার। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি পুড়ে যাওয়া প্রতিটি দোকানের ভেতরে ঢুকে ধ্বংসযজ্ঞের চিত্র প্রত্যক্ষ করেন।
গিলাচৌকা গ্রামের আ. করিমের মালিকানাধীন ৭২ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের করিম মার্কেটটি ছিল বিশরপাশা বাজারের অন্যতম প্রাণকেন্দ্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকত মার্কেটের সাতটি দোকান। গতকাল শনিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে যখন গোটা এলাকা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো মার্কেটটিকে।
রাত ২টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলমাকান্দা ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের ভেতরে থাকা কোনো মালামালই আর রক্ষা করা সম্ভব হয়নি। ভোরের আলো ফুটতেই বেরিয়ে আসে হৃদয়বিদারক এক চিত্র- সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু পুড়ে অঙ্গার।
পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রস্তুত করা তালিকা বলছে, অগ্নিকাণ্ডে চারটি মনোহরী দোকান, একটি বিকাশ ও ফার্মেসি, একটি ওয়ার্কশপ এবং একটি সেলুন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই সাতটি দোকানের ওপরই নির্ভর করত সাতটি পরিবারের দৈনন্দিন জীবন-জীবিকা।
ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য ও নথিভুক্ত বিবরণ অনুযায়ী, সবচেয়ে বড় আঘাতটি এসেছে গিলাচৌকা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে মোশাহিদের (৩৫) ওপর; তার মনোহরী দোকানে পুড়েছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল। একই গ্রামের হামিদ মিয়ার ছেলে আরেক ব্যবসায়ী মোশাহিদের (২৫) মনোহরী দোকানে ৭ থেকে ৮ লাখ টাকার পণ্যের পাশাপাশি বাকি-বকেয়ার হিসাব মিলিয়ে আরও ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মনোয়ার হোসেনের ছেলে শাহিনুরের (৩২) মনোহরী দোকানে ক্ষতির অঙ্ক প্রায় ১০ লাখ টাকা এবং গিলাচৌকার আ. খালেকের ছেলে মো. ফারুকের (৩৭) মনোহরী দোকানে পুড়েছে প্রায় ৫ লাখ টাকার পণ্য।
এ ছাড়া গিলাচৌকার শরীয়ত মিয়ার ছেলে মো. রুবেলের বিকাশ ও ফার্মেসি দোকানে প্রায় ২ লাখ টাকা এবং একই সঙ্গে রনির ওষুধের গোডাউনে আরও প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেট মালিক আ. করিমের ছেলে দুল মিয়ার ওয়ার্কশপে পুড়ে ছাই হয়েছে প্রায় ২ লাখ টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম। পাশাপাশি পার্শ্ববর্তী মধ্যনগর থানার পাতকুড়া গ্রাম থেকে এসে জীবিকা গড়া বাহাদুরের সেলুনটিও আগুনের গ্রাস থেকে বাঁচেনি।
ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন চিত্র পাওয়া গেছে। কলমাকান্দা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, অগ্নিনির্বাপণকালে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতির কথা বলেছিলেন। তবে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের নথিভুক্ত তালিকায় সাত ব্যবসায়ীর ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যায়। আর মার্কেটের অবকাঠামোসহ সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে উল্লেখ করেন ডেপুটি স্পিকার।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখে আবেগাপ্লুত কণ্ঠে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ এখানে এসেছি। যারা সব হারালেন, তাদের সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। সবকিছু মিলিয়ে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”
নিঃস্ব ব্যবসায়ীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, “স্থানীয় প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসনের জন্য রাষ্ট্রীয়ভাবে কতটুকু কী করা যায়, তা আমরা দেখব। ব্যাংক ঋণসহ স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
একটি ফ্রিজের সংযোগ ও আমাদের সম্মিলিত সতর্কতার দায়ভয়াবহ এই আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে তদন্তের।
এ বিষয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনাস্থল পরিদর্শনকালে একই পর্যবেক্ষণের কথা তুলে ধরেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও। তার মতে, সম্ভবত কোনো দোকানের ফ্রিজ বা বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুন লেগেছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন।
ডেপুটি স্পিকার বলেন, “বিদ্যুৎ আমাদের নিত্য প্রয়োজনীয়। কিন্তু বৈদ্যুতিক ওয়্যারিং বা ফ্রিজের মতো যন্ত্রপাতি স্থাপনের সময় আমরা সচেতন থাকি না- কোনোভাবে বাতি জ্বালালেই হলো, এমন মনোভাব রাখি। দুর্ঘটনা ঘটলেই কেবল আমাদের টনক নড়ে। ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।”
বিশরপাশা বাজারের পোড়া ভিটেয় দাঁড়িয়ে থাকা সাত ব্যবসায়ীর চোখে এখন অনিশ্চয়তার ছায়া থাকলেও ডেপুটি স্পিকারের সহমর্মিতা ও পুনর্বাসনের আশ্বাস তাদের বুকে কিছুটা হলেও সাহস জুগিয়েছে। আর মর্মান্তিক এই ঘটনা প্রতিটি নাগরিকের জন্য রেখে গেল বড় এক শিক্ষা- সামান্য অসচেতনতা মুহূর্তেই কেড়ে নিতে পারে বহু বছরের শ্রমে গড়া সাজানো সংসার।


