জামালপুর প্রতিনিধি: বিকেলের পড়ন্ত রোদে বাড়ির সামনের রাস্তায় সহপাঠীদের সঙ্গে মেতে উঠেছিল সাত বছরের ছোট্ট আয়শা। শৈশবের সহজাত খুনসুটি আর খেলার ছলে এক বন্ধুকে বলা একটি কথাই যে তার জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে, তা হয়তো কল্পনাও করেনি দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী। প্রতিবেশীর ভুল বোঝাবুঝির জেরে নির্মম মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ তুলে এবার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
রবিবার (২২ নভেম্বর) সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়শা আলমের বাবা দুখুলুল আলম বরকত।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৯ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে শহরের পাথালিয়া এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তায় সহপাঠীদের সঙ্গে খেলছিল আয়শা। খেলার এক পর্যায়ে আয়শা তার এক সহপাঠীর উদ্দেশে বলে, ‘তোর চুলগুলো কোঁকড়া, তুই একটা ছাপড়ি।’ শিশুসুলভ এই কথাটি কানে যেতেই তা নিজের গায়ে মেখে নেন জাকিয়া জান্নাত সুমি (৩০) নামের এক প্রতিবেশী। আয়শা তাকেই উদ্দেশ করে কথাটি বলেছে- এমন ধারণা থেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উত্তেজিত হয়ে সুমি শিশু আয়শার ডান গালে ও পিঠে এলোপাতাড়ি থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে গলা টিপে তাকে প্রাণে মারার চেষ্টা করেন বলেও দাবি করা হয়। এতে গুরুতর আঘাত পায় শিশুটি। মারধরের সময় আয়শার গলায় থাকা চার আনা ওজনের একটি স্বর্ণের চেইনও সুমি ছিনতাই করে নিয়ে যান, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
পরে কোনোমতে সুমির হাত থেকে পালিয়ে বাড়ি ফিরে মাকে পুরো ঘটনা জানায় আয়শা। ওই দিন সন্ধ্যাতেই শিশুটির মা সোহানা আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আয়শার পরিবার আরও অভিযোগ করে, ঘটনার পর থেকে সুমি উল্টো মিথ্যা অভিযোগ এনে তাদের নানা ধরনের হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা করছেন। কোমলমতি শিশুর ওপর এমন আচরণের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


