কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম। তিনি ওই এলাকার জাকের আহমদের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহত পুলিশ সদস্যরা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বনসংক্রান্ত একটি মামলায় দিদারুল আলমের সাজা হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ফলে তার বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করে।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিন তাকে গ্রেপ্তারে বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
এসআই মোহাম্মদ আনোয়ার জানান, গ্রেপ্তারের পর দিদারুল আলমকে নিয়ে যাওয়ার পথে তার পরিবারের সদস্য ও সন্তানসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। পরে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ দিদারুল আলমকে ছিনিয়ে নেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দিদারুল আলমের পাশাপাশি তার ভাইয়ের বিরুদ্ধেও বন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


