গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তার ৫ বছর বয়সী শিশুসন্তান আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।। এ ঘটনায় নিহতের সতীন (স্বামীর দ্বিতীয় স্ত্রী) শাহিনা বেগমকে (৩২) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আঁখি বেগম ওই গ্রামের রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী এবং আদিল তাদের তৃতীয় সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা পরে ওই বাড়ি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি হেফাজতে নেয়। পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


