ফুটবল মাঠে গোল করে আনন্দ উদ্যাপনের দিনেই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো ব্রাজিলের তরুণ ফুটবলার এনদ্রিকের। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে কেনদ্রিক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন এনদ্রিক। গোল করার পর তাঁর উদ্যাপনেও ছিল ভিন্নতা। দুই হাতে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচ শেষে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘স্পোরটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার খবর জানান এনদ্রিক। তিনি জানান, স্ত্রী ও সন্তানের উদ্দেশ্যেই ছিল তাঁর গোল উদ্যাপন। জাতীয় দলের হয়ে খেলার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ছেলের নামের সঙ্গে জড়িয়ে এনদ্রিকের নিজের গল্প
কেনদ্রিক নামটি বেছে নেওয়ার পেছনেও রয়েছে পারিবারিক ইতিহাস। গত জুলাইয়ে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, নামটি মূলত এনদ্রিকের নিজের জন্য পছন্দ করেছিলেন তাঁর বাবা-মা। পরবর্তী সময়ে তাঁর নাম পরিবর্তন করা হয়। সেই নামই এবার ছেলের জন্য বেছে নিয়েছেন তাঁরা।
পরিবারকে ব্যক্তিগত পরিসরেই রাখতে চান
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন এনদ্রিক। সে কারণেই সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি তিনি। তাঁর মতে, পরিবারের ব্যক্তিগত বিষয়গুলো আড়ালে রাখাই ভালো। ভবিষ্যতে তাঁর সন্তান জনসমক্ষে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও সন্তানের নিজের ওপর ছেড়ে দিতে চান এই ফুটবলার।
ফুটবল মাঠে ব্রাজিলের হয়ে গোল এবং একই দিনে বাবা হওয়ার সুখবর—দুই ঘটনাতেই ১৭ নভেম্বর এনদ্রিকের জীবনে বিশেষ একটি দিন হয়ে থাকল।


