গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় মাদক কারবারি তৌহিদ আরমান সিমান্ত (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত তৌহিদ আরমান সিমান্ত গাইবান্ধা পৌরসভার গোডাউন রোডের পশ্চিমপাড়ার মো. রোমান আরফিন সুমনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গাইবান্ধা সদর থানার এসআই মো.সাইবুদ্দিন সরকার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পৌর শহরের পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের সামনে মাদক কেনাবেচা চলছে। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পালানোর চেষ্টা করার সময় মো. শহিদুল ইসলাম শান্তর মাইক্রো গ্যারেজের ভেতর থেকে ৪৩ গ্রাম হেরোইনসহ তৌহিদ আরমান সিমান্তকে আটক করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার টাকা। এই ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু। রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, “দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এই রায় দেশব্যাপী মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় একটি জোরালো দৃষ্টান্ত হয়ে থাকবে।


