পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের শারীরিক অবস্থার অবনতি এবং কারাগারে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে দেশটির তিন প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি দিয়েছেন।
সোমবার কারাগার থেকে লেখা ওই চিঠিতে তিনি নিজের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে কারাগারে দীর্ঘ সময় নির্জন প্রকোষ্ঠে বন্দি রাখা এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ সীমিত করে দেওয়ার অভিযোগও তুলে ধরেন।
চিঠিতে ইমরান খান জানান, তাকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে থাকতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে তার শারীরিক ও মানসিক অবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন।
নিজের চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে তিনি আশঙ্কা প্রকাশ করেন, যথাযথ চিকিৎসার ব্যবস্থা না হলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে দ্রুত চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ছাড়া চিঠিতে নিজের স্ত্রী বুশরা বিবির চিকিৎসার বিষয়টিও উল্লেখ করেন ইমরান খান। তার দাবি, কারাগারে বন্দি অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সুযোগ-সুবিধা পাওয়া তার এবং তার স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চিঠিটি প্রকাশ করেন। চিঠিটি প্রকাশের পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে তার কারাবাস, স্বাস্থ্য পরিস্থিতি এবং চিকিৎসা পাওয়ার অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


